০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

পুলিশ বলছে, চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 07:37 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরে পানি সেচের মোটরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। 

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, শুক্রবার দুপুরে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তাদের ছেলে রাহুল ঘোষ (৮)।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, একাধিক মালিকানার পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচ করা হচ্ছিল। এ সময় রাহুল মোটরের বিদ্যুতের তার স্পর্শ করলে স্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা অঞ্জনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। 

ওসি আব্দুল মোন্নাফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।