Published : 19 Jun 2026, 09:47 AM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান।
নিহত হাবিবুর রহমান (৪০) কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের মাজিলা গ্রামের আলী আকবর হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাবিবুর রহমান মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার দিকে ফিরছিলেন। পথে সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আসাদ এগ্রোটেক লিমিটেডের একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাবিবুর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মুখমণ্ডল বিকৃত হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় ট্রাকটি আটক করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে পিটুনি দেয়। পরে সুযোগ বুঝে তারা পালিয়ে যান।
এদিকে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি বানী ইসরাইল জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।