২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্তেতার প্রতি কৃতজ্ঞ গুয়ার্দিওলা

আর্সেনাল কোচের সঙ্গে পূর্বে সাড়ে তিন বছর কাজ করায় নিজে আরও সমৃদ্ধ হয়েছেন বলে মনে করেন পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 11:04 PM

Updated : 26 Jan 2023, 11:04 PM

একসময় দুজনই ছিলেন এক ঠিকানায়। প্রতিপক্ষকে আটকাতে ছক কষছেন একসঙ্গে। সময়ের পরিক্রমায় পেপ গুয়ার্দিওলা ও মিকেল আর্তেতা এখন প্রতিদ্বন্দ্বী। তাদের দল সরাসরি লড়ছে দুটি প্রতিযোগিতায়। তারই একটিতে মুখোমুখি হওয়ার আগে কোচ হিসেবে নিজের উন্নতিতে আর্সেনাল কোচের প্রশংসা করলেন গুয়ার্দিওলা।

ম্যানচেস্টার সিটি কোচ বললেন, সাবেক স্প্যানিশ মিডফিল্ডার সঙ্গে কাজ করে সমৃদ্ধ হয়েছেন তিনি।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে শুক্রবার এই মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হবেন গুয়ার্দিওলা ও আর্তেতা। ইতিহাদ স্টেডিয়ামে রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

দুজনের জন্যই লড়াইটা বিশেষ কিছু। সাড়ে তিন বছর তারা কাজ করেছেন সিটির ডাগআউটে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ম্যানচেস্টারের ক্লাবটিতে গুয়ার্দিওলার সহকারী হিসেবে কাজ করেন আর্তেতা। এরপর যোগ দেন আর্সেনালে।

এফএ কাপের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আর্তেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরলেন গুয়ার্দিওলা।

“সে বলেছিল একসঙ্গে কাজ করতে চায় এবং সাহায্য করতে পারে, কারণ সে প্রিমিয়ার লিগ সম্পর্কে ভালোভাবে জানে, সব কোচদের সম্পর্কে তার ধারণা আছে।”

“তাই আমরা একসঙ্গে কাজ শুরু করেছিলাম। আমি জানি না তার ওপর আমার ভূমিকা কেমন ছিল, কিন্তু আমার কোচিং ক্যারিয়ারে তার অবদান অনেক, (আমার) একজন ভালো কোচ হওয়ার ক্ষেত্রে যা খুব গুরুত্বপূর্ণ ছিল।”

গুয়ার্দিওলা আরও বলেন, সিটিতে একদম শুরুর দিকে ইংলিশ ফুটবলে আর্তেতার অভিজ্ঞতা তার খুব কাজে দিয়েছে। আর্তেতা খেলোয়াড়ি জীবনের অনেকটা সময় ইংল্যান্ডে কাটিয়েছিলেন, এভারটনে ছয় বছর খেলার পর আর্সেনালের জার্সিতে খেলেন পাঁচ বছর। তার ওই অভিজ্ঞতাই গুয়ার্দিওলার কাজে লেগেছিল।

“প্রথম ম্যাচটির কথা আমার মনে আছে, আমরা সান্ডারল্যান্ড ও ডেভিড ময়েসের বিপক্ষে খেলেছিলাম। আর্তেতা বলেছিল যে, সে ময়েসকে এভারটন থেকে ভালোভাবে চেনে; তিনি এই কাজ করেন, তিনি ওই কৌশল নেন, তার কৌশল ও তথ্য সম্পর্কে আমাকে বলেছিল।”

“১৫ মিনিট, আধা ঘন্টা পরই আমি বুঝতে পারলাম যে সেই আমাকে সাহায্য করতে পারে। যে সবকিছু সম্পর্কে ধারণা দিতে পারবে এবং স্টোক সিটির মাঠে গিয়ে, প্রতিটি স্টেডিয়ামে গিয়ে খেলার ব্যাপারে যে জ্ঞান রাখে, এমন একজন ব্যক্তি যিনি এখানে অনেক বছর ধরে আছে, এমন কাউকে পাওয়া গেলে দারুণ হয়।”

প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলা সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।