২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চুক্তিতে দিয়ালো

নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে খেলবেন কোত দি ভোয়ার এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2025, 08:01 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

ম্যানচেস্টার ইউনাইটেডে আমাদ দিয়ালোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তরুণ এই উইঙ্গারের সঙ্গে সাড়ে পাঁচ বছরের নতুন চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।

ইউনাইটেডে ২২ বছর বয়সী এই ফুটবলারের আগের চুক্তি শেষ হতো চলতি মৌসুমের শেষে। অবশ্য চুক্তির শর্ত অনুয়ায়ী মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগ ছিল। তবে সাম্প্রতিক সময়ে আশানুরূপ পারফরম্যান্স করায় দিয়ালোকে আরও দীর্ঘ সময় ধরে রাখার সিদ্ধান্ত নিল ক্লাবটি।

নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে খেলবেন কোত দি ভোয়ার এই ফুটবলার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ২৭ ম্যাচ খেলে ৬ গোল করেছেন তিনি।

‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটির জার্সি গায়ে আরও অনেক বছর খেলার সুযোগ পেয়ে খুব খুশি দিয়ালো।

“নতুন চুক্তি করে সত্যিই আমি অনেক গর্বিত। এই ক্লাবের হয়ে কিছু অবিশ্বাস্য মুহূর্ত আমি কাটিয়েছে, তবে আরও অনেক আসবে।”

ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ২০২১ সালে ইউনাইটেডে যোগ দেন দিয়ালো। সেই থেকে দলটির হয়ে ৫০ ম্যাচ খেলে ৯টি গোল করেছেন তিনি।