রফিকুল ইসলাম মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
“প্রধানমন্ত্রী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন, এই বার্তা স্যারকে পৌঁছে দিয়েছি,” বলেন মনোয়ারুল কাদির।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) এভারকেয়ার হাসপাতালে রফিকুল ইসলাম মিয়াকে দেখতে যান।
তিনি বলেন, ‘‘আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্যারকে দেখতে এসেছি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জেনেছি।”
“মাননীয় প্রধানমন্ত্রী উনার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছেন, এই বার্তা স্যারকে পৌঁছে দিয়েছি।”
তিনি বলেন, “দেশের একজন প্রবীণ রাজনীতিক, সাবেক মন্ত্রী এবং জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বের অসুস্থতার সংবাদে মাননীয় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।”
কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় রফিকুল ইসলাম মিয়াকে। বর্তমানে তিনি কেবিনে আছেন।
২০১৮ সাল থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ সময় ধরে বিছানায় শয্যাশায়ী আছেন রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানা রোগে আক্রান্ত সাবেক এ মন্ত্রী।
তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিদা রফিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। গত বছরের ২ মার্চে তিনি মারা যান।
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলে তার পক্ষে আইনজীবী হিসেবে রফিকুল ইসলাম মিয়া লড়েছেন।
