কুষ্টিয়ায় ২ স্বাস্থ্যকর্মীর উপর হামলা, নিরাপত্তার দাবি
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।
কুষ্টিয়ায় দুই স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় তারা কর্মস্থলে নিরাপদ পরিবেশের নিশ্চয়তার দাবি জানান।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সেটি শহরের মেডিকেল ট্রেনিং ইন্সস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক আব্দুল মান্নান, সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জেলা সভাপতি ফজলুল হক, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারীরা অভিযোগ করেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সৌরভ হোসেন (৪০) এবং আরিফুল ইসলাম সোমবার দুপুর আড়াইটায় কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে ভেড়ামারার উদ্দেশে রওনা দেন। হাসপাতাল সড়কের প্রধান ডাকঘরের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে সাত-আট যুবক এসে তাদের গতিরোধ করেন। পরে তাদের রড দিয়ে মারধর করা হয়।
একপর্যায়ে সৌরভ ও আরিফুল মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে মজমপুর গেটের দিনে চলে যান। এ সময় হামলাকারীও তাদের ধাওয়া দেয়। পরে দুজন হাসপাতালে এসে চিকিৎসা নেন।
এ ঘটনায় ওই দিনই সৌরভ হোসেন কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে অভিযোগ করেন।
মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, “২৪ ঘণ্টা পার হতে চললেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। কর্মস্থলের কাছেই যদি স্বাস্থ্যকর্মীরা হামলার শিকার হন তাহলে আমাদের নিরাপদ কর্মস্থল আর থাকল কোথায়?”
জেলা সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, “স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে নিরাপদ কর্মপরিবেশের দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে। আমি এর সঙ্গে একমত বলেই সংহতি জানাতে দাঁড়িয়েছি।”
ড্যাব নেতা ফজলুল হক বলেন, “স্বাস্থ্যকর্মীরা একের পর এক হামলা-নির্যাতনের শিকার হচ্ছে। আগের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমাদেরকেও বার বার রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।”
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে এরই মধ্যে আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে।”
জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, “সোমবারই চিকিৎসকরা এসেছিলেন। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
