২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলবদলে ইপিএল ক্লাবগুলির ১০০ কোটি ডলার খরচ লা লিগার কাছে ‘প্রতারণা’

ক্লাবের শেয়ারহোল্ডাররা যাতে নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করতে না পারে সেজন্য নতুন আর্থিক নিয়ম বেধে দিতে উয়েফার কাছে দাবি জানাবে লা লিগা।    

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 08:47 PM

Updated : 01 Feb 2023, 08:47 PM

জানুয়ারির দলবদলে খেলোয়াড় কিনতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলির খরচের অঙ্ক চোখ কপালে তোলার মতো। মৌসুমের মধ্যবর্তী দলবদলে প্রথমবারের মতো ১০০ কোটি ডলার খরচ করেছে তারা। বিষয়টি ভালো চোখে দেখছে না লা লিগা। স্পেনের শীর্ষ লিগের কর্পোরেট জেনারেল ডিরেক্টর হাভিয়ের গোমেসের চোখে এটি ‘প্রতারণার সামিল।’ 

বিশ্ব জুড়ে ক্রীড়া বাণিজ্য নিয়ে কাজ করা ডেলোয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের বিশ্লেষণে উঠে এসেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলির খরচের পরিমাণ। সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি, মোট খরচের ৩৭ শতাংশ। যা ইউরোপের অন্য শীর্ষ চার লিগ বুন্ডেসলিগা, লা লিগা, সেরি আ ও লিগ ওয়ানের ক্লাবগুলির সম্মিলিত খরচের সমান।   

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দশম স্থানে থাকা চেলসি দলবদলের শেষ দিন ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ১২ কোটি ১০ লাখ ইউরোয় বেনফিকা থেকে দলে টানে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেসকে। 

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস বুধবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে গোমেস বলেন, দলবদলের বিষয়ে উয়েফাকে নতুন কিছু করতে বলবেন তারা।

“লা লিগার অর্থনৈতিক নিয়ন্ত্রণ অর্থাৎ স্প্যানিশ ক্লাবগুলির খেলোয়াড় কেনার পরিমাণ প্রিমিয়ার লিগের ক্লাবগুলির চেয়ে কম হওয়া নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, সে সম্পর্কে আমরা অবগত। তাহলে ব্যাখ্যা করা যাক, এর পিছনে কী রয়েছে। সত্যিটা কী? বাস্তবতা হলো, লা লিগায় আমরা চাই ক্লাবগুলি তাদের সামর্থ্য অনুযায়ী ব্যয় করুক এবং নিজেদের তৈরি করুক, অর্থাৎ তাদের নিজস্ব আয়।” 

"এটি সত্যি যে, শেয়ারহোল্ডারদেরও ক্লাবকে আর্থিক সহায়তা করার অনুমতি দেওয়া হয় এবং তারা ক্লাবের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারে, তবে নির্দিষ্ট সীমার মধ্যে। সমস্যাটা কোথায়? মূলত, তারা ক্লাবকে ‘ডোপিং’ করছে। ক্লাবের আয় বহির্ভুত অর্থ তারা দিচ্ছে খরচ করার জন্য, এক্ষেত্রে শেয়ারহোল্ডার চলে গেলে ক্লাবের কার্যকারিতা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আমাদের মতে, এটি প্রতারণা।” 

ক্লাবের শেয়ারহোল্ডাররা যাতে নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করতে না পারে সেজন্য নতুন আর্থিক নিয়ম বেধে দিতে উয়েফার কাছে দাবি জানাবেন গোমেস।     

"এটি আমাদের লড়াই, দাবি করব উয়েফা নতুন আর্থিক নিয়ম প্রয়োগ করুক, যা একটি ক্লাবের শেয়ারহোল্ডারকে নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করতে বাধা দেবে এবং এটি লঙ্ঘনকারী ক্লাবগুলিকে নিষেধাজ্ঞা দেবে। কোন লিগ বা কোন দেশ, তা এখানে বিষয় নয়। যে ক্লাবগুলি এই নিয়ম মেনে চলবে না তাদের নিষেধাজ্ঞা দেওয়া উচিত।” 

এবারের দলবদলে ইংল্যান্ডের শীর্ষ লিগের ক্লাবগুলির খরচ গত বছরের জানুয়ারির দলবদলের তিন গুণ। ২০২২-২৩ মৌসুমের পুরোটা জুড়ে খেলোয়াড় কেনায় তারা রেকর্ড প্রায় ৩৫০ কোটি ডলারের বেশি খরচ করেছে। ছাড়িয়ে গেছে ২০১৭-১৮ মৌসুমে প্রায় ২৩০ কোটি ডলার খরচের রেকর্ড। 

প্রিমিয়ার লিগের ক্লাবগুলির মধ্যে এবার দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ব্যয় করেছে রেলিগেশনের ঝুঁকিতে থাকা বোর্নমাউথ।