২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

৬ ইংলিশ ক্লাবের কাছ থেকে সুপার লিগের খরচ চায় রেয়াল মাদ্রিদ

ভেস্তে যাওয়া ইউরোপিয়ান সুপার লিগের প্রতিষ্ঠাকালীন এই খরচের পরিমাণ ৮ কোটি ডলার পর্যন্ত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 12:12 PM

Updated : 21 Oct 2026, 12:12 PM

ইউরোপিয়ান সুপার লিগের (ইউএসএল) পরিকল্পনা তো ব্যর্থ হয়ে গেছে বেশ আগেই। তবে প্রকল্প এগিয়ে নেওয়ার পথে খরচ তো হয়েছিল বেশ। প্রতিষ্ঠাকালীন সেই খরচের জন্য এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ৬টি ক্লাবের কাছে অর্থ চাইছে রেয়াল মাদ্রিদ, এটি চালু হওয়ার পরপরই যে ক্লাবগুলি নাম প্রত্যাহার করে নিয়েছিল।

অর্থ চাওয়ার খবরটি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে রেয়াল মাদ্রিদ।

দা অ্যাথলেটিক জানিয়েছে যে, মোট খরচের পরিমাণ ৮ কোটি ইউরো (প্রায় ৯ কোটি মার্কিন ডলার) পর্যন্ত পৌঁছাতে পারে। আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পারের কাছ থেকে অর্থ চাইছে রেয়াল মাদ্রিদ।

২০২১ সালে প্রতিযোগিতাটি চালু হওয়ার তিন দিনের মধ্যেই ব্যাপক বিরোধিতার মুখে ১২ প্রতিষ্ঠাতা ক্লাবের মধ্যে যে ৯টি ক্লাব নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল। সেই ৯ ক্লাবের মধ্যে ছিল এই ৬টি ক্লাব।

রেয়াল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি যে, প্রতিযোগিতাটি থেকে আগেভাগে সরে যাওয়া অন্য ৩ ক্লাব—এসি মিলান, ইন্টার মিলান এবং আতলেতিকো মাদ্রিদের কাছ থেকেও তারা অর্থ চাইছে কি না।

রেয়াল মাদ্রিদ জানিয়েছে যে, প্রতিযোগিতাটি প্রতিষ্ঠায় হওয়া খরচের জন্য দায় এই ৬টি ইংলিশ ক্লাবের, যা এখন পর্যন্ত ইউভেন্তুস, বার্সেলোনা এবং রেয়াল বহন করেছে।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে টটেনহ্যাম, প্রিমিয়ার লিগের অন্য ৫টি ক্লাব রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

দা অ্যাথলেটিক জানিয়েছে যে, ক্লাবগুলো প্রতিযোগিতাটির হোল্ডিং কোম্পানি ‘ইউরোপিয়ান সুপার লিগ কোম্পানি’-র জন্য একটি শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষর করেছে, যদিও চুক্তিটিতে প্রস্তুতিমূলক খরচের জন্য তাদের দায়বদ্ধতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

৯টি ক্লাব সরে দাঁড়ানোর পর চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই সুপার লিগ ভেস্তে যায়।

পরবর্তীতে ইউভেন্তুসও এই প্রকল্প থেকে সরে দাঁড়ায় এবং গত ফেব্রুয়ারিতে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নেয়, ফলে রেয়াল মাদ্রিদই এর একমাত্র প্রতিষ্ঠাতা ক্লাব হিসেবে রয়ে যায়।

রেয়াল, উয়েফা এবং ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো তাদের সুপার লিগ-সম্পর্কিত আইনি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১১ ফেব্রুয়ারি একটি নীতিগত চুক্তির ঘোষণা দেয়।