১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

নাৎসি প্রচারণার সঙ্গে তুলনার জেরে লা লিগা প্রধানের পদত্যাগ চায় রেয়াল মাদ্রিদ

রেয়াল মাদ্রিদ টিভিকে হিটলারের প্রচারমন্ত্রী ইয়োসেফ গাবেলসের কৌশলের সঙ্গে তুলনা করেছিলেন লা লিগা প্রধান হাবিয়ের তেবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 09:54 AM

Updated : 17 Oct 2026, 09:54 AM

লা লিগ প্রধান হাবিয়ের তেবাস ‘ইট’ মারার পর ‘পাটকেল’ ছুড়তে খুব বেশি সময় নিল না রেয়াল মাদ্রিদ। রেয়াল মাদ্রিদ টিভি ও ক্লাবের ম্যানেজমেন্টের বক্তব্যকে জার্মানিতে নাৎসি পার্টির ব্যবহৃত প্রচার পদ্ধতির সাথে তুলনা করেছিলেন তেবাস। এবার তার পদত্যাগ দাবি করল স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটি।

শুক্রবার এর আগে তেবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে, “রেয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট যেন একদল মুখপাত্রকে অর্কেস্ট্রা পরিচালনা করে এবং রেয়াল মাদ্রিদ টিভি সেই অর্কেস্ট্রার নেতৃত্ব দেয়। তাদের সুর সবসময় একইরকম-নিজেদের সুবিধামতো মুহূর্তগুলো বেছে নেওয়া, বারবার অভিযোগের কথা তুলে ধরা, সন্দেহের আগুন উসকে দেওয়া এবং শত্রুর দিকে আঙুল তোলা। এই প্রক্রিয়া নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী (ইয়োসেফ) গাবেলসের কৌশলের কথা মনে করিয়ে দেয়: পরিকল্পিত পুনরাবৃত্তি, শত্রু তৈরি করা এবং তথ্যের চেয়ে নিজেদের বয়ানকে বেশি গুরুত্ব দেওয়া।”

দুজন সাংবাদিকের লেখা প্রতিবেদনের জবাবে লা লিগা সভাপতি এই মন্তব্য করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে, তিনি এবং লা লিগা কর্তৃপক্ষ রেয়ালের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন।

তেবাস আরও বলেন যে, ‘এল দিবাতে’ পত্রিকার সেই সাংবাদিকরা আসলে রেয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের বয়ান ও বার্তাকেই জোরালভাবে উপস্থাপন করেছেন।

সেটির প্রেক্ষিতেই এবার ‘অবিলম্বে’ তেবাসের পদত্যাগের দাবি করল রেয়াল মাদ্রিদের। বিবৃতিতে লা লিগা প্রধানকে তীব্র ভাষায় জবাব দিয়েছে ক্লাবটি।

“আমাদের ক্লাব, এর ব্যবস্থাপনা এবং এর টেলিভিশনকে হেয় করার জন্য নাৎসি শাসনের প্রচার পদ্ধতির সঙ্গে তুলনা ব্যবহার করেছেন তেবাস, যা অসহনীয় এবং অত্যন্ত গুরুতর। বারবার তেবাসের এমন আচরণ তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের সঙ্গে বেমানান নিরপেক্ষতা, সম্মান এবং পক্ষপাতহীনতার অভাবকেই তুলে ধরে।

“এটা অগ্রহণযোগ্য যে তিনি ক্লাবের সঙ্গে সম্পর্কহীন সাংবাদিকদের প্রশ্ন, তথ্য বা মতামতের সুযোগ নিয়েও আমাদের দিকে অভিযোগ ছুঁড়ে দিয়েছেন এবং এমন তৃতীয় পক্ষের কর্মকাণ্ড আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন, যেটির জন্য আমরা কোনোভাবেই দায়ী নই।”

লা লিগার প্রধানের সঙ্গে রেয়ালের অনেক দিনের বিরোধকে আরও তীব্রভাবে ফুটিয়ে তুলল এই ঘটনা।

গত সেপ্টেম্বরে নতুন একজন লা লিগা সভাপতির দাবি জানিয়েছিল রেয়াল, কারণ রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে তাদের অভিযোগকে মাঠের ব্যর্থতা আড়াল করার জন্য ‘ধোঁয়াশা’ বলে অভিহিত করেছিলেন তেবাস।

স্পেনের শীর্ষ দুই স্তরের ৪২টি পেশাদার ক্লাবের ভোটে নির্বাচিত করা হয় লা লিগার প্রধানকে। ৬৪ বছর বয়সী তেবাস ২০১৩ সাল থেকে লা লিগার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন, যেটির মেয়াদ ২০২৭ পর্যন্ত।

এই মৌসুমে লিগের কার্যনির্বাহী কমিটিতে থাকা ছয়টি ক্লাবের মধ্যে একটি হিসেবে রেয়াল মাদ্রিদের নাম লা লিগা কর্তৃপক্ষ নিশ্চিত করার কয়েক ঘণ্টা পরেই রেয়ালের এই বিবৃতিটি আসে।