বার্সার বিপক্ষে পাহাড় পেরুতে হবে বায়ার্নকে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বায়ার্ন মিউনিখকে যেন পাহাড় ডিঙাতে হবে। প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারের বোঝা আর চোট সমস্যা তো আছেই, সঙ্গে বার্সেলোনার চমৎকার রক্ষণও পেপ গার্দিওলার অসাধ্য সাধনের পরিকল্পনায় বাধ সাধছে।
চার বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার অবশ্য তেমন কোনো দুশ্চিন্তা নেই। ফাইনালের টিকেট পেতে এই ম্যাচে বড় কোনো চমকের কাছে হার না মানলেই হলো তাদের। অবশ্য ম্যাচটি প্রতিপক্ষের মাঠে হওয়ায় একটু সতর্কই থাকছেন কোচ লুইস এনরিকে। তবে রক্ষণাত্মক মানসিকতায় নয়, বরং প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে শুরু থেকেই আক্রমণে যাওয়ার পরিকল্পনা আঁটছেন তিনি।
বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ আরেনায় মঙ্গলবার রাত পৌনে একটায় শুরু হবে শেষ চারের ফিরতি লেগের ম্যাচটি।
কঠিন এ লক্ষ্যে নামার আগে গত মাসে হওয়া দুই লেগের কোয়ার্টার-ফাইনাল থেকে অনুপ্রেরণা নিতে পারে বায়ার্ন। পোর্তোর মাঠে প্রথম লেগে ৩-১ গোলে হেরে সেমি-ফাইনালে ওঠার স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল জার্মানির ক্লাবটির। কিন্তু ঘরের মাঠের ফিরতি পর্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬-১ ব্যবধানের জয় তুলে নেয় তারা।
এবারও নিশ্চয় তেমনিভাবে ঘুরে দাঁড়ানোর ছক কষছে বায়ার্ন কোচ গার্দিওলা। কিন্তু পোর্তোর চেয়ে বার্সেলোনার রক্ষণ যে বেশ শক্ত; সব প্রতিযোগিতা মিলে গত ৭ ম্যাচে স্পেনের দলটির কোনো গোল না খাওয়াটাই এর প্রমাণ দেয়। টানা এত ম্যাচে গোল না খাওয়াটা কাতালুনিয়ার ক্লাবটির ইতিহাসের একটা রেকর্ডও।
দলটির আক্রমণভাগের মূল তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেস বছরের শুরু থেকেই অসাধারণ ফর্মে আছেন। এই আক্রমণত্রয়ী কতটা ভয়ঙ্কর হতে পারে, তা একটা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। তিন জন মিলে এখন পর্যন্ত এ মৌসুমে ১১৩টি গোল করেছেন।
মূলত তাদের কাঁধে ভর করে এরই মধ্যে লা লিগার শিরোপা জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা, দুই রাউন্ড বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে মেসিরা। তাতে দ্বিতীয়বারের মতো তাদের ‘ট্রেবল’ জয়ের লক্ষ্যটাও খুব দূরে মনে হচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা রাখা এনরিকের দল স্প্যানিশ কাপেরও ফাইনালেও উঠেছে।
তাই এমন একটা দলের বিপক্ষে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে জিততে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে বায়ার্নকে। সেখানে চোট সমস্যা যেভাবে পেয়ে বসেছে, তাতে ৯০ মিনিটের লড়াইয়ে চমৎকার শুরু করলেও রক্ষণ আর আক্রমণভাগে মূল খেলোয়াড়দের ছাড়া চমকটা ধরে রাখতে বেগ পেতে হবে তাদের।
আক্রমণভাগের দুই পরীক্ষিত তারকা ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রবেন এবং রক্ষণের দাভিদ আলাবা ও হোলগার বাডস্টুবার চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলবেন না।
তাই বায়ার্নের এখন সবচেয়ে বড় ভরসা হয়তো গার্দিওলার বার্সা অভিজ্ঞতা। ২০০৮-২০১২ সাল পর্যন্ত এই চার বছরে ক্লাবটির হয়ে ১৪টি শিরোপা জিতেছিলেন তিনি। মেসি, চাভি, ইনিয়েস্তাদের খুব কাছ থেকে দেখায় তাদের শক্তি আর দূর্বলতা সম্পর্কে ভালোভাবেই জানেন তিনি। অবশ্য সে জানাটা গত সপ্তাহের ম্যাচে কোনো কাজেই লাগেনি। তাহলে এবার কি লাগবে?
তারপরও দলটি যখন বায়ার্ন, তখন হতে পারে অনেক কিছুই। তবে দলের সাম্প্রতিক পারফরম্যান্স এতটাই বাজে যে, খোদ বায়ার্ন সমর্থকেরাই হয়তো চমকের স্বপ্ন দেখতে ভয় পাচ্ছেন। চার ম্যাচে হাতে রেখে বুন্দেসলিগার শিরোপা জেতার পর থেকে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা, টানা চার ম্যাচে হেরেছে দলটি।
