বার্সার বিপক্ষে ম্যাচ নিয়ন্ত্রণে বায়ার্নের পরিকল্পনা
কমপক্ষে চার গোলের ব্যবধানে জেতার চাপ থাকলেও বার্সেলোনার বিপক্ষে কোনো তাড়াহুড়ো করতে চায় না বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরু থেকে আক্রমণে যাওয়ার কোনো পরিকল্পনাও নেই তাদের, বরং ফাইনালে ওঠার লক্ষ্য পূরণে ফিরতি লেগের এই ম্যাচে দেখে-শুনে, ধৈর্য্য ধরে এগুতে চান কোচ পেপ গার্দিওলা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে গত বুধবার বার্সেলোনার মাঠে ৩-০ গোলে হারে বায়ার্ন। ওই হারের পর ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের ওঠাটা জার্মানের ক্লাবটির জন্যে পাহাড় ডিঙানোর সমান হতে যাচ্ছে।
এমন অসাধ্য সাধনের পরিকল্পনা কি হতে পারে? শুরু থেকেই একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণকে নাজেহাল করে তোলা? গার্দিওলা তেমনটা ভাবছেন না; প্রথমে বল দখলে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয়ার পরেই বাকিটা সারার পরিকল্পনা তার।
নিজের পরিকল্পনা জানিয়ে সোমবার সাংবাদিকদের গার্দিওলা বলেন, “আমাদের ধৈর্য্য ধরতে হবে, ১৫-২০ মিনিটে মধ্যেই আমরা সবকিছু করতে পারব না। প্রথমে আমাদের ফুটবল খেলতে হবে এবং দেখতে হবে তারপর কি হয়।”
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একটা সুবিধা অবশ্য পাচ্ছে বায়ার্ন, ম্যাচটি ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় খেলবে তারা। মঙ্গলবার রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।
তারপরও একটা 'কিন্তু' থেকেই যায়, পোর্তোর চেয়ে বার্সেলোনার রক্ষণ যে বেশ শক্ত; সব প্রতিযোগিতা মিলে গত ৭ ম্যাচে স্পেনের দলটির কোনো গোল না খাওয়াটাই এর প্রমাণ দেয়।
তাছাড়া শুরু থেকে আক্রমণের চেষ্টা করলে নিজেদের রক্ষণও ফাঁকা হয়ে পড়তে পারে, যা যোগ করতে পারে নতুন দুর্ভাবনা। কারণ সম্প্রতি যে দারুণ ফর্মে আছে বার্সেলোনার আক্রমণভাগ, গত সাত ম্যাচে মোট ২৫ গোল করেছে তারা। গার্দিওলার কণ্ঠেও শোনা গেল তাই বাড়তি সতর্কতা।
“আমরা একটা সেরা দলের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে আছি, যে দলটা গত ১৫-২০ বছর ধরে ইউরোপের সেরা। আমাদের রুখতে হবে। আমি জানি, জার্মানির মানুষ কিভাবে চিন্তা করে; কিন্তু প্রথমে আমাদের রুখতে হবে। শুধু আক্রমণে গেলেই চলবে না; কারণ বার্সার পাল্টা-আক্রমণে যাওয়ার মতো অসাধারণ সব খেলোয়াড় আছে।”
