২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমিলির কৃতিত্বে ফাইনালে শেখ রাসেল

ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। দুটি গোলই স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের চতুর্থ মিনিটেই মিডফিল্ডার নাহিদুল ইসলামের ক্রস থেকে এ মৌসুমে তিনটি শিরোপাজয়ী শেখ রাসেলকে এগিয়ে দেন এমিলি। ২৬ মিনিটে বক্সের মধ্যে ঢুকে পড়া ব্রাদার্সের স্ট্রাইকার জুয়েল রানার শট ঠেকিয়ে শেখ রাসেলকে রক্ষা করেন গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। স্ট্রাইকার মিঠুন চৌধুরীর লব ব্রাদার্সের ডিফেন্ডার কৃষ্ণ বিশ্বাস বিপদমুক্ত করতে পারেননি। সেই সুযোগে হেড করে দ্বিতীয় গোলের আনন্দে ভেসে যান এমিলি। পরের মিনিটেই শেখ রাসেলের ফরোয়ার্ড জাহিদ হোসেন প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। তার শট গোলরক্ষকের গায়ে লেগে প্রতিহত হয়। ৬৫ মিনিটে এমিলির সামনে হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু পেনাল্টি থেকে তার শট ঠেকিয়ে দেন ব্রাদার্সের গোলরক্ষক সুজন। ব্রাদার্স বেশ কয়েকটি সুযোগ পেলেও কোনোটাই কাজে লাগাতে পারেনি। খেলা শেষে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, “আমরা দুই গোল করলেও নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। বরং প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। দলের পারফরম্যান্সে আমি খুশি নই।” ব্রাদার্সের কোচ মহিদুর রহমান মিরাজ বলেন, “একদিন পর-পর খেলার জন্য আমাদের দলের ফুটবলাররা খুবই পরিশ্রান্ত ছিল। শেখ রাসেল বিশ্রাম নেয়ার জন্য এক দিন বেশি পেয়েছে। আমরা ভাগ্যের সহায়তাও তেমন পাইনি।”