২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস নিয়ে টিটুর দুশ্চিন্তা

নেপাল সফরের জন্য জাতীয় দল গড়ার কাজ চলছে এখন। মূলত প্র্যাকটিস ম্যাচ দেখে দল গড়া হচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে ভারপ্রাপ্ত কোচ সাইফুর বারী টিটু ফুটবলারদের ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপাল সফরের জন্য জাতীয় দল গড়ার কাজ চলছে এখন। মূলত প্র্যাকটিস ম্যাচ দেখে দল গড়া হচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে ভারপ্রাপ্ত কোচ সাইফুর বারী টিটু ফুটবলারদের ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর মাস খানেক কেটে গেছে। এই সময়টা মাঠের বাইরে থাকার কারণে ফুটবলারদের ফিটনেসের অবস্থা একদমই ভালো নয়। টিটু তাই ভীষণ দুশ্চিন্তায়। দল ঘোষণার পর ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১৮ ও ২০ সেপ্টেম্বর নেপাল জাতীয় দলের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নেপাল দলের ভিডিও ফুটেজ দেখে টিটুর উপলব্ধি, “ওরা অনেক দ্রুতগতির ফুটবল খেলে। ওদের সঙ্গে পাল্লা দিতে হলে আমাদের ফুটবলারদের ফিটনেস আরো বাড়াতে হবে। শুধু তাহলেই সম্ভব লড়াই করা।” “নেপাল আগের চেয়ে অনেক উন্নতি করেছে। গত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে তারা সেটা প্রমাণও করেছে,” যোগ করেন তিনি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দল আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর একটিতে লাল দল ১-১ গোলে ড্র করেছে সবুজ দলের সঙ্গে। ১১ মিনিটে মিডফিল্ডার আলমগীর রানার গোলে এগিয়ে যায় সবুজ দল। ২৮ মিনিটে লাল দলকে সমতায় ফেরান স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। অন্য ম্যাচে সাদা দল ২-০ গোলে হারিয়েছে হলুদ দলকে। বিজয়ী দলের দুই গোলদাতা শরিফুল ইসলাম ও শাহ আলমগীর অনিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৪৩ঘ.