ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র্যাংকিং নির্ধারণের ক্ষেত্রে ফিফার নিয়ম-কানুন বেশ এলোমেলো। সংস্থাটির সেক্রেটারি জেনারেল জেরোম ভালকেও মনে করেন র্যাংকিং নির্ধারণের পদ্ধতিটি ‘খুব বেশি যুক্তিসঙ্গত’ নয়। তবে জোরালোভাবে তিনি এটাও বলেছেন, দলের প্রকৃত অবস্থা বোঝাতে এটি (র্যাংকিং) সক্ষম।
ভালকে বলেন, “আমি এটা জানি যে, ঠিক কোন স্তরের এবং কিসের বিচারে র্যাংকিংয়ে নম্বর দেয়া হয় সেটা মাঝে মাঝে বুঝতে পারা বেশ কঠিন হয়ে পড়ে।”
“যে দলগুলো অন্যান্য দলগুলোর চেয়ে বেশি প্রীতিম্যাচ খেলেছে তাদের ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা যায় যেটা খুব একটা যুক্তিসঙ্গত নয়। কিন্তু আমি এটা জোরের সঙ্গে বলতে চাই, এখনো আন্তর্জাতিক ফুটবলে কোন দল কি অবস্থায় আছে তার পরিষ্কার ছবি র্যাংকিং থেকে পাওয়া যায়।”
ইউরো ২০১২ এর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। যেখানে রানার্সআপ হওয়া ইতালি ছয় ধার এগিয়ে ছয় নম্বরে।
তবে সবচেয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ দশে না থাকা। ছয়ধাপ অবনমন হয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে একাদশ অবস্থানে। ধারণা করা হচ্ছে আরো অবনমন হবে ব্রাজিলের। কারণ ২০১৪ বিশ্বকাপের আগ পর্যন্ত প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে অংশ নেবে না ব্রাজিল। আগামী বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় বাছাই পর্বে খেলতে হবে না তাদের। প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচই তাদের ভরসা।
এ সম্পর্কে ভালকে বলেন, “ব্রাজিল আনুষ্ঠানিক ম্যাচ খেলছে না, শুধু প্রীতি ম্যাচ খেলছে। কারণ এরই মধ্যে তারা নির্বাচিত হয়ে গেছে। আমরা নিজেদের মধ্যে বৈঠক করেছি। এবং বিভিন্ন দেশের জন্য র্যাংকিং কেমন হবে ফুটবল কমিটির সঙ্গে সে বিষয়েও আলোচনা হয়েছে। আমরা চাই কিসের ভিত্তিতে র্যাংকিং নির্ধারণ করা হয় সেটা সহজ ভাষায় ব্যাখ্যা করতে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০২ ঘ.
bdnews24