২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো মুখোমুখি জোকোভিচ-ফেদেরার

অপ্রত্যাশিতভাবে রাফায়েল নাদাল বিদায় নিয়েছেন আগেই। তাই উইম্বলডনের এবারের আসরে পুরুষ এককে দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারের লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপ্রত্যাশিতভাবে রাফায়েল নাদাল বিদায় নিয়েছেন আগেই। তাই উইম্বলডনের এবারের আসরে পুরুষ এককে দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারের লড়াই। প্রতিযোগিতাটির ড্রয়ের সময়ই বোঝা গিয়েছিলো সব ঠিকঠাক থাকলে সেমিফাইনালে মুখোমুখি হবেন টেনিসের এই দুই মহাতারকা। গত দুই বছরে কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার সেমিফাইনালে পাঁচবার মুখোমুখি হয়েছেন জোকোভিচ ও ফেদেরার। যেখানে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা জোকোভিচের চার জয়ের বিপরীতে ফেদেরার জিতেছেন একবার। সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনেও জোকোভিচের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার। শুক্রবারের সেমিফাইনাল সম্পর্কে জোকোভিচ বলেন, “আমি ওটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। রজারের (ফেদেরার) বিপক্ষে খেলা সবসময়ই আনন্দের। অবশ্যই তিনি একজন অসাধারণ চ্যাম্পিয়ন। উইম্বলডনে তিনি খুবই আধিপত্য বিস্তার করে খেলেন এবং ধারাবাহিক। ঘাসের কোর্টে তিনি সত্যিই বড় চ্যালেঞ্জ।” সপ্তম উইম্বলডন শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামা ফেদেরার নিজের প্রতিক্রিয়ায় বলেন, “একটি দারুণ ম্যাচ হতে যাচ্ছে।” বুধবার জার্মানির ফ্লোরিয়ান মায়ারকে সরাসরি ৬-৪, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠেন জোকোভিচ। এদিন আরো সহজ জয় পান ফেদেরার। রাশিয়ার মিখাইল ইয়োহানকে ৬-১, ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০২ ঘ.