ব্রাজিলের গৌরব ফেরাতে পারবেন তিতে?
ব্রাজিল দলে দুঙ্গার দ্বিতীয় মেয়াদ ছিল চরম ব্যর্থ। তার জায়গায় নতুন কোচ হিসেবে আসা তিতেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো গৌরব ফেরানোর জন্য সঠিক ব্যক্তি বলে মনে করেন অনেকেই।
ব্রাজিল এখন এলোমেলো অবস্থার মধ্যে আছে। গত বিশ্বকাপে দেশের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার লজ্জা আর পর পর কোপা আমেরিকার দুটি আসর থেকে আগেভাগেই ছিটকে পড়ায় ব্রাজিল দলের আত্মবিশ্বাসের বেশ ক্ষতি করেছে।
সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে সময়ে দায়িত্ব নিয়েছিলেন দুঙ্গা। তবে তাদের সর্বজয়ী রূপে ফেরানোর অভিযানে ব্যর্থ হন তিনি।
টানা ১১টি জয় দিয়ে দুঙ্গা তার দ্বিতীয় মেয়াদের শুরুটা করেছিলেন দারুণভাবে। কিন্তু চিলিতে ২০১৫ সালের কোপা আমেরিকায় প্যারাগুয়ের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বাদ পড়ার পর এই পথ চলায় পরিবর্তন আসে।
যেটুকু অবশিষ্ট আছে, তা একত্রিত করে ভালো কিছুতে রূপ দেওয়ার দায়িত্ব এখন দুঙ্গার উত্তরসূরি তিতের কাঁধে।
ব্রাজিলের সমর্থক আর সংবাদমাধ্যমের সমর্থন দুঙ্গার পেছনে ছিল না। তবে তিতে এটা পাচ্ছেন। সম্প্রতি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে তার সাফল্যই এই সমর্থনের ভিত গড়ে দিয়েছে।
মাঝে কিছু সময় কোচিং থেকে অবসর নিয়ে আর্সেনালের আর্সেন ভেঙ্গার ও তখন রিয়াল মাদ্রিদে থাকা কার্লো আনচেলত্তিসহ বিভিন্ন প্রধান কোচের পদ্ধতি সম্পর্কে জানতে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন তিতে। ফিরে এসে ২০১৫ সালে করিন্থিয়ান্সকে ব্রাজিলের শীর্ষ লিগ জেতান ৫৫ বছর বয়সী তিতে।
তবে তিতে অবসর থেকে ফেরেন আরও ইতিবাচক আর আক্রমণাত্মক মনোভাব নিয়ে। ক্যারিয়ারের শেষ সময়ে তার অধীনে খেলা রোনালদোর কোনো সন্দেহ নেই যে, তিতেই দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক ব্যক্তি।
“সন্দেহাতীতভাবে এই মুহূর্তে তিতেই সেরা লোক। অনেক বছর ধরে করিন্থিয়ান্সে তিনি এটা প্রমাণ করেছেন এবং এই সুযোগ তার প্রাপ্য।”
গ্লোবো এস্পোর্তেকে ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা রোনালদো বলেন, “ব্রাজিলের জাতীয় দলের জার্সি পরার গুরুত্ব কতটা তা তাকে দেখাতে হবে।”
আগামী আগস্টে দেশের মাটিতে রিও দে জেনেইরো অলিম্পিকে অবশ্য নেইমারদের কোচ হিসেবে কাজ করবেন রজেরিও মিকালে। নতুন কোচ তিতে প্রথমবারের মতো ব্রাজিলের ডাগ আউটে থাকবেন আগামী সেপ্টেম্বরে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে একুয়েডরের বিপক্ষে ম্যাচে। এর কয়েক দিন পরই ঘরের মাঠে তার পরীক্ষা হবে কলম্বিয়ার বিপক্ষে।
