রাশিয়া বিশ্বকাপ নিয়ে ঝুঁকিতে ব্রাজিল: তিতে
রাশিয়া ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে নেইমাররা ঝুঁকির মুখে আছেন বলে মনে করেন ব্রাজিলের নতুন কোচ তিতে।
ছাটাই হওয়া দুঙ্গার জায়গায় তিতেকে নিয়োগ দেওয়ার কথা সোমবার নিশ্চিত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জেতানো ৫৫ বছর বয়সী তিতে বলেন, “বিশ্বকাপের জন্য জায়গা করে নেওয়াতেই এখন মনোযোগ। আমরা বাছাই হওয়ার অঞ্চলে নেই। বাদ পড়ার ঝুঁকি আছে। আপনারা যদি এটা মেনে না নেন, তাহলে আপনারা বাস্তবতার বিরুদ্ধে লড়াই করবেন।”
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৬ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা দলটি প্লে-অফ খেলার সুযোগ পাবে।
জয়ের সঙ্গে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ভালো খেলাও উপহার দেওয়ার কথা বলেন তিতে।
“দুর্ভাগ্যজনকভাবে ফল আসেনি বলে আমি এখানে (কোচের দায়িত্বে)। আমাদের উন্নতির যোগ্যতা আছে।”
“আমি ব্রাজিল দলকে জিততে আর ভালো খেলতে দেখতে চাই। এটাই ব্রাজিলের সমর্থকদের আনন্দ দেওয়ার একটা উপায় হবে বলে এখন আমি মনে করছি।”
আগামী সেপ্টেম্বরে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে একুয়েডরের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিলের ডাগ আউটে থাকবেন তিতে।
ব্রাজিল কোপা আমেরিকা থেকে বাদ পড়ার দুই দিন পর দেশটির জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে। এর পরপরই তিতের সঙ্গে আলোচনা করে সিবিএফ। দেশটির গণমাধ্যমে তখনই তাকেই কোচ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে সিবিএফ সোমবার তা নিশ্চিত করে।
