‘অনভিজ্ঞ’ ব্রাজিলের সামনে একুয়েডর
অধিনায়ক নেইমার আগে থেকেই নেই; এর সঙ্গে চোটের কারণে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারানোয় শক্তি অনেক কমে গেছে ব্রাজিলের। কোপা আমেরিকার শতবর্ষী আসরে দুঙ্গার অনভিজ্ঞ এই দলের প্রথম প্রতিপক্ষ বিশ্বকাপের বাছাইপর্বে চমক দেখানো একুয়েডর।
যুক্তরাষ্ট্রের প্যাস্যাডিনায় ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায়।
বার্সেলোনা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মধ্যে সমঝোতা অনুযায়ী কোপা আমেরিকাতে খেলছেন না নেইমার। ব্রাজিল অধিনায়ক খেলবেন নিজের দেশে রিও দে জেনেইরো অলিম্পিকে।
চূড়ান্ত দল দেওয়ার কিছু দিন পরই চোটের কাছে দুঙ্গা তার সেরা মিডফিল্ডার দগলাস কস্তাকে হারায়। বায়ার্ন মিউনিখের এই তারকার জায়গায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকাকে নেন।
ছিটকে পড়া খেলোয়াড়দের জায়গা পূরণ করতে দুঙ্গা অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয় ঘটান। কাকার জায়গায় তিনি নেন ২০১১ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে সবকটি ম্যাচ খেলা সাও পাওলোর মিডফিল্ডার পাওলো হেনরিক গানসোকে। আর গুস্তাভোর বদলে আসেন ব্রাজিলের হয়ে এখনও কোনো ম্যাচ না খেলা গ্রেমিওর মিডফিল্ডার ওয়ালাসে।
অলিভেইরার জায়গায় ব্রাজিলের আক্রমণভাগে অভিজ্ঞ হাল্ক ও তরুণ গাব্রিয়েল বারবোসার সঙ্গে যোগ দেন বেনফিকার হয়ে ভালো একটি মৌসুম কাটানো জোনাস। আর মাঝমাঠে রাফিনিয়ার জায়গায় আসেন পিএসজির লুকাস মউরা।
২০০৭ সালে দুঙ্গার অধীনেই কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। সেবারও সেই সময়ের সেরা দুই তারকা রোনালদিনিয়ো ও কাকাকে না পেয়ে ভাঙাচোরা দল নিয়েই টুর্নামেন্টটি খেলতে নেমেছিল তারা। ব্রাজিল কোচ এবারও তেমন কিছু ঘটারই আশা করছেন।
“এখানে থাকা সব খেলোয়াড়ই প্রধান চরিত্র হতে পারে। এটা তাদের উপর নির্ভর করে। ফুটবলে আমরা সব সময় মনে করি, ফরোয়ার্ডের খেলোয়াড়রাই প্রধান চরিত্র এবং গোলগুলো করে। কিন্তু তাদের (দলে থাকা খেলোয়াড়) মধ্যে অনেকেরই নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ আছে।”
৫২ বছর বয়সী দুঙ্গা এবারের কোপা আমেরিকাকে ভবিষ্যতের জন্য একটি ভালো দল গড়ার প্রস্তুতি হিসেবেও নিচ্ছেন। অগাস্টে দেশের মাটিতে অলিম্পিকের সঙ্গে তার দৃষ্টিতে আছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ।
দুঙ্গার এই তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম গাব্রিয়েল বারবোসা। সান্তোসের ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের উপর অনেকটাই দায়িত্ব নেইমারের অভাব পূরণ করা।
‘গাবিগোল’ নামে পরিচিত এই তরুণের আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতা কেবল এক ম্যাচের। তবে গত রোববার পানামার বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে গোল করে তিনি দেখিয়েছেন ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক অঙ্গনেও ভালো কিছু করার সামর্থ্য তার আছে।
নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সিটা হয়ত পরতে যাচ্ছেন সান্তোসের আরেক ফরোয়ার্ড লুকাস লিমা। নিজেকে এ জার্সির যোগ্য প্রমাণ করতে মুখিয়ে আছেন তিনিও। তবে ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত মাত্র নয়টি ম্যাচ খেলা লিমা এটা পারবেন কিনা সেই সন্দেহ থেকেই যায়।
তবে বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ম্যাচটিসহ কোপা আমেরিকার প্রস্তুতির জন্য খেলা প্রীতি ম্যাচটিতে হেরে যায় একুয়েডর।
দেশটির কোচ গুস্তাভো কুইনতেরোস জানালেন কোপা আমেরিকার প্রথম ম্যাচের জন্য পর্যাপ্ত অনুশীলন করতে না পারার বিষয়।
“মাঠের অবস্থা খারাপ ছিল। (বুধবার) আমরা মাঠ পানিতে পূর্ণ পাই। তাই অনুশীলন করতে পারিনি আমরা।”
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ব্রাজিলের একচেটিয়া প্রাধান্য। সবশেষ ফিফা র্যাংকিং অনুযায়ী সপ্তম স্থানে থাকা ব্রাজিল আর ত্রয়োদশ স্থানে থাকা একুয়েডর এ পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ব্রাজিলের ২৪টি জয়ের বিপরীতে একুয়েডর জয় পেয়েছে দুটিতে। বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র। আর এই ২৯ ম্যাচে একুয়েডরের জালে ৮৯টি গোল করে ব্রাজিল, বিপরীতে ২২টি গোল খায় তারা।
কোপা আমেরিকার সাফল্যের দিক থেকেও দুই দলের বিস্তর পার্থক্য। ব্রাজিল যেখানে আটবারের চ্যাম্পিয়ন, একুয়েডরের সেরা সাফল্য সেখানে দুইবার চতুর্থ হওয়া। এই দুবারই তারা ছিল টুর্নামেন্টের আয়োজক।
