২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশার ভেলায় ব্রাজিল, আর্জেন্টিনার উপর চাপ

সম্প্রতি দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা কোপা আমেরিকার শতবর্ষী আসরের লড়াইয়ে নামছে দুই রকমের মনোভাব নিয়ে। ভাঙাচোরা দল নিয়ে কিছু পাওয়ার আশায় টুর্নামেন্টটি খেলবে ব্রাজিল। আর আর্জেন্টিনা খেলবে দীর্ঘ শিরোপা-খরা ঘোচানোর প্রত্যাশার চাপ নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 08:26 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

পুরনো খবর:

মেসির অমরত্ব পাওয়ার সুযোগ?
কোপা আমেরিকার আগে শীর্ষেই থাকলো আর্জেন্টিনা
এবার আক্ষেপ ঘোচানোর আশা দি মারিয়ার
কর ফাঁকির মামলায় আদালতে মেসি
ব্রাজিল দলে কাকার বদলে গানসো

১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর আর কোনো বড় শিরোপা জেতেনি আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের পর ২০১৫ সালের কোপা আমেরিকা ফাইনালে উঠলেও শিরোপা-খরা কাটাতে ব্যর্থ হয় তারা।

ফিফা র্যা ঙ্কিংয়ের এক নম্বরে থেকে কোপা আমেরিকার বিশেষ আসর খেলতে নামছে আর্জেন্টিনা। ১৬টি দলের মধ্যে সবচেয়ে তারকাবহুল জেরার্দো মার্তিনোর দলই। সময়ের সেরা খেলোয়াড় পাঁচবারের বর্ষসেরা লিওনেল মেসির সঙ্গে আছেন সের্হিও আগুয়েরো, হাভিয়ের মাসচেরানো ও আনহেল দি মারিয়ার মতো তারকারা।

মার্তিনোর দলে তুরুপের তাস হিসেবে আছেন গনসালো হিগুয়াইন। নাপোলির হয়ে লিগে এ মৌসুমে ৩৫ ম্যাচে ৩৬ গোল করেন তিনি, যা এক মৌসুমে সেরি আতে সর্বোচ্চ গোল।

তবে রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড ক্লাবের পারফরম্যান্স জাতীয় দলের হয়ে দেখাতে বরাবরই ব্যর্থ হয়েছেন। এবারের কোপা আমেরিকায় অবশ্য ভালো করার প্রত্যয়ের কথা বলেন ২৮ বছর বয়সী হিগুয়াইন।

“আমার একটা আত্মবিশ্বাস আছে, যেটা এর আগে কখনোই ছিল না। আমি নাপোলির হয়ে যেমন খেলি জাতীয় দলের হয়েও তেমন খেলার চেষ্টা করছি।”

২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ব্রাজিল। চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি নেইমার। এবারের কোপা আমেরিকায় খেলছেন না ব্রাজিলের অধিনায়ক। খেলবেন দেশের হয়ে রিও দে জেনেইরো অলিম্পিক গেমসে।

ব্রাজিল ভুগছে নেইমারের মতো একজন নেতা ও গোলস্কোরের বিকল্পের অভাবে।

২৪ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচ খেলে ৪৬ গোল করেন। দেশের হয়ে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা তিনি।

বেনফিকার ৩২ বছর বয়সী জোনাসের সঙ্গে দুঙ্গা তার আক্রমণভাগে রাখেন সান্তোসের তরুণ ফরোয়ার্ড গাব্রিয়েলকে। এ মৌসুমে বেনফিকার হয়ে ৪৮ ম্যাচে ৩৭ গোল করেন জোনাস। পানামার বিপক্ষে গত রোববারের প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-০ ব্যবধানে জেতাতে গোল করেন দুজনই। 

পিএসজির রক্ষণভাগের জুটি দাভিদ লুইস ও চিয়াগো সিলভাকে দলে রাখেননি দুঙ্গা। দলে নেই রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোও। নেইমার না থাকায় অধিনায়কের বাহুবন্ধনী পেতে পারেন ইন্টার মিলানের সেন্টার ব্যাক মিরান্দা।

টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে অনেকটাই শক্তি হারিয়েছে ব্রাজিল দল। দগলাস কস্তার চোটের কারণে দলে আসা কাকাও চোটে পড়ে ছিটকে গেছেন। কাকার জায়গায় দুঙ্গা দলে নিয়েছেন সাও পাওলোর মিডফিল্ডার পাওলো হেনরিক গানসোকে।

চোট ব্রাজিল দল থেকে কেড়ে নিয়েছে বার্সেলোনার মিডফিল্ডার রাফিনিয়াকেও। তার বদলে দলে জায়গা পেয়েছেন পিএসজির লুকাস মউরা।

দুঙ্গা অবশ্য ২০০৭ সালের কোপা আমেরিকার মতো কিছু ঘটার আশায় আছেন। ভেনেজুয়েলায় সেবারের আসরে দুঙ্গার ব্রাজিল দলে ছিলেন না সেই সময়ের অন্যতম দুই সেরা তারকা কাকা ও রোনালদিনিয়ো। তবে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেবার শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল।

সাংবাদিকদের দুঙ্গা বলেন, “এখানে থাকা সব খেলোয়াড়ই প্রধান চরিত্র হতে পারে। এটা তাদের উপর নির্ভর করে। ফুটবলে আমরা সব সময় মনে করি, ফরোয়ার্ডের খেলোয়াড়রাই প্রধান চরিত্র এবং গোলগুলো করে। কিন্তু তাদের (দলে থাকা খেলোয়াড়) মধ্যে অনেকেরই নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ আছে।”

যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকার আসর শুরু হবে আগামী শুক্রবার। শনিবার একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে। আর আগামী সোমবার আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটি খেলবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে।