২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের অনুপস্থিতিতে চোখ গাব্রিয়েলে

সান্তোসের তরুণ প্রতিভা গাব্রিয়েলকে নিয়ে ইউরোপের অভিজাত ক্লাবগুলোর বেশ আগ্রহ আছে বলে অনেক দিন ধরেই খবর আসছে। কোপা আমেরিকার শতবর্ষী আসরে নেইমারের অনুপস্থিতে সবার দৃষ্টি থাকবে ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ডের উপর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 06:04 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় নাম লেখান নেইমার। ২০১০ সালে ব্রাজিলিয়ান কাপ ও ২০১১ সালের কোপা লিবের্তাদোরেস-সহ সাও পাওলোর শীর্ষ লিগের তিনটি শিরোপা জেতানো নেইমারকে হারিয়ে হতাশ হয়ে পড়েছিল ক্লাবটির সমর্থকরা।

‘গাবিগোল’ নামে পরিচিত প্রতিভাবান গাব্রিয়েল বারবোসা স্বাভাবিকভাবেই নেইমারের উত্তরসূরি হন। আর নেইমারের বিদায়ের দিনই সান্তোসের মূল দলে অভিষেক হয় গাব্রিয়েলের। ২০১৩ সালের মে মাসে ফ্লামেঙ্গোর সঙ্গে ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল পেলের সাবেক ক্লাবটি।

কাঁধে প্রত্যাশার বিরাট চাপ নিয়েও সহজাত প্রতিভাবান গাব্রিয়েল দারুণভাবে প্রস্ফুটিত হয়েছেন। এটা যেন সান্তোসের যুব প্রকল্পের আরেকটি সাফল্য, যে প্রকল্প পেলে, ক্লোদোয়ালদো, দিয়েগো ও রবিনিয়োর মতো প্রতিভা উপহার দিয়েছে।

গাব্রিয়েল নেইমারের চেয়ে আলাদা ধরনের খেলোয়াড়। তিনি প্লে-মেকার নন; বরং আদ্যোপান্ত একজন স্ট্রাইকার। হয়ত তিনি নেইমারের মতো অতটা ফলপ্রসূ নন, তবে সান্তোসকে সাও পাওলোর শীর্ষ লিগের টানা দুটি শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন।

সান্তোসে নেইমারের জায়গা নেওয়া ১৯ বছর বয়সী গাব্রিয়েলের সামনে আরেকবার একই রকমের হাতছানি। এবার অবশ্য মঞ্চ আরও বড়, তার উপর নজর রাখার চোখের সংখ্যাও অনেক বেশি। ব্রাজিলের জার্সি গায়ে পরছেন তরুণ এই তারকা এবং কোপা আমেরিকায় নেইমারের না থাকার অভাব দলকে বুঝতে না দেওয়ার দায়িত্ব তার কাঁধে।

ব্রাজিল অধিনায়ক নেইমারকে তার ক্লাব বার্সেলোনা কোপা আমেরিকা আর রিও দে জেনেইরো অলিম্পিকের যে কোনো একটি প্রতিযোগিতার জন্য ছাড়তে রাজি হয়। দেশকে অলিম্পিকে প্রথম সোনা এনে দেওয়ার লক্ষ্যই বেছে নেন নেইমার।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরে ব্রাজিলের ফরোয়ার্ড লাইনে জায়গা করে নেওয়ার জন্য গাব্রিয়েলকে লড়তে হবে চোটের কারণে ছিটকে পড়া রিকার্দো অলিভেইরার বদলে দলে আসা জোনাস আর জেনিতের ফরোয়ার্ড হাল্কের সঙ্গে।

নিষেধাজ্ঞার কারণে নেইমার না থাকায় গত মার্চে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের দলে ডাক পেয়েছিলেন গাব্রিয়েল। সেবার অবশ্য বেঞ্চে বসেই কাটাতে হয় এই তরুণকে। ব্রাজিল দলে তার অভিষেক হয় গত রোববার পানামার বিপক্ষে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে।

২-০ ব্যবধানে জেতা ম্যাচে জোনাসের বদলি হিসেবে ৬৪তম মিনিটে মাঠে নামেন গাব্রিয়েল। মাঠে নামার নবম মিনিটেই ব্রাজিলের মূল দলের হয়ে প্রথম গোল পান তিনি। অসাধারণ প্রথম স্পর্শের পর বাঁকানো শটে বল জালে পাঠান গাব্রিয়েল।

কোপা আমেরিকায় এমন পারফরম্যান্স করে হয়ত নেইমারের ছায়া থেকে আরও একবার বেরিয়ে আসতে পারেন সান্তোসের এই তরুণ তারকা।

আসছে মৌসুমে গাব্রিয়েলকে ফরাসি লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তার এজেন্ট ওয়াগনের রিবেইরো। কোপা আমেরিকার পর সান্তোসে আর ফিরবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন গাব্রিয়েল নিজেও।

এর আগে খবর আসে, মৌসুম শেষে গাব্রিয়েলকে পেতে বরুসিয়া ডর্টমুন্ড যে প্রস্তাব দিয়েছিল তা ফিরিয়ে দেওয়া হয়। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদও তাকে পেতে চায় বলে খবর আসে। কোপা আমেরিকায় ভালো পারফরম্যান্স গাব্রিয়েলকে ইউরোপের বড় কোনো দলে নিয়ে যেতে পারে।