কোপায় ব্যর্থ হলেও দুঙ্গাকে রাখার পক্ষে জুনিনিয়ো
কোপা আমেরিকার ফল দিয়ে দুঙ্গার অধীনে ব্রাজিলের উন্নতির পরিমাপ করা যাবে না বলে মনে করেন জুনিনিয়ো। প্রতিযোগিতাটির শতবর্ষী আসরে ব্যর্থ হলেও কোচকে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক এই মিডফিল্ডার।
জার্মানির কাছে ৭-১ গোলে হেরে দেশের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকেই বিদায় নেয় লুই ফেলিপে স্কলারির ব্রাজিল। এর পর দ্বিতীয় মেয়াদে দেশটির কোচের দায়িত্ব পান দুঙ্গা।
১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক দুঙ্গার ব্রাজিল গত বছরের কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকেই ছিটকে পড়ে। ২০১৮ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচ শেষে ষষ্ঠ স্থানে আছে তারা।
আতলেতিকো মাদ্রিদের সাবেক মিডফিল্ডার এবং ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জুনিনিয়োর অবশ্য দুঙ্গার উপর আস্থা আছে।
“আমি মনে করি, পরিকল্পনা খুব ভালোভাবে করা হয়েছে।”
“দুঙ্গা ভালো করছে। লক্ষ্য পরিষ্কার-২০১৮ ফিফা বিশ্বকাপ। তাই আমি মনে করি, (কোপা আমেরিকার শতবর্ষী আসরে) হারার পরও দুঙ্গাই থাকবে। এটাই দুঙ্গার শেষ নয়।”
বাংলাদেশ সময় রোববার সকালে একুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ‘বি’ গ্রুপে আটবারের চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ পেরু ও হাইতি।
