জিততে হলে ‘মাথা খাটাতে’ হবে রোনালদোদের
ভলফসবুর্গের বিপক্ষে ফিরতি লেগের লড়াইয়ে রোনালদো-বেলদের ধৈর্যের সঙ্গে খেলার পরামর্শ দিয়েছেন জিনেদিন জিদান। উত্তেজিত না হয়ে বাঁচা-মরার এ ম্যাচে জিততে বরং মাথা খাটাতে হবে বলেই মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।
প্রথম পর্বে ২-০ ব্যবধানে হেরে যাওয়ায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠতে নিজেদের মাঠে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জিততে হবে রিয়ালকে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে সান্তিয়াগো বের্নাবেউ জুড়ে যেন যুদ্ধের আবহ। ডিফেন্ডার দানি কারবাহাল তো ভলফসবুর্গ ম্যাচটিকে সরাসরি যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। খেলোয়াড়দের এমন বাড়তি উত্তেজনায় চিন্তিত হয়ে পড়েছেন জিদান। শিষ্যদের তাই ঠান্ডা মাথায় কাজ সারার পরামর্শ দিলেন এই স্প্যানিশ কোচ।
সোমবারের সংবাদ সম্মেলনে জিদান বলেন, “আমাদের উদ্বুদ্ধ করতে চারিদিকে অনেক বার্তা, কিন্তু আমাদের ঠিক এর উল্টোটা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং আমাদের মাথা খাটাতে হবে।”
জার্মানির শীর্ষ লিগে ভলফসবুর্গের অবস্থান ভালো না হলেও তাদেরকে হালকাভাবে দেখতে রাজি নন জিদান। প্রথম লেগে অমন অঘটনের পর তো একেবারেই নয়। ঘরের মাঠে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত হলেও তাই সতর্ক তিনি।
“ম্যাচটি আমরা ১০-১৫ মিনিটে জিততে যাচ্ছি না। একটি গোল দিয়ে তারা পরিস্থিতি জটিল করে তুলতে পারে। ফুটবলে যে কোনো কিছুই হতে পারে, কিন্তু প্রথম মিনিট থেকেই আমাদের মনোযোগ দিতে হবে।”
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে গুরুত্বপূর্ণ ম্যাচটি।
