নেইমারকে বর্ষসেরা হওয়ার উপায় বাতলে দিলেন মেসি
২০১৫ সালের ফিফা-ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসির কাছ থেকে পুরস্কার জেতার উপায় জেনেছেন তার বার্সেলোনার সতীর্থ নেইমার।
জুরিখে গত সোমবার ৪১.৩৩ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি। রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো ২৭.৭৬ শতাংশ আর নেইমার ৭.৮৬ শতাংশ ভোট পান।
নেইমার কি মেসির কাছ থেকে কোনো উপদেশ পেয়েছেন - এই প্রশ্নের উত্তরে ব্রাজিলের অধিনায়ক জানালেন সবচেয়ে সোজা উপায়ের কথা।
“হ্যা, পেয়েছি; (মেসি বলেছে) আরও ভালো খেলো।”
ব্রাজিল অধিনায়ক নেইমারের জাতীয় দলের সতীর্থ এবং বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেস মনে করেন, বর্ষসেরার পুরস্কারে মেসির জয়রথ থামার পর শুরু হবে নেইমারের জয়যাত্রা। তাকে যে সবাই ভবিষ্যতের সেরা হিসেবে ভাবছেন, এটা চাপ তৈরি করে কিনা?
এ ক্ষেত্রে নেইমারের উত্তর, “চাপ একটু বাড়বে, তবে এটা কোনো সমস্যা নয়।”
এবারের বর্ষসেরা পুরস্কার মেসি জিতবেন বলেই ধরে নিয়েছিলেন নেইমার। তবে অন্তত দ্বিতীয় সেরা হওয়ার আশা করেছিলেন তিনি। তার সেই আশা পূরণ হয়নি বলে হতাশ হয়েছেন বলেও জানান নেইমার।
তবে বর্ষসেরা পুরস্কার জেতা ছাড়াও আরও লক্ষ্য আছে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
“এটা (বর্ষসেরার পুরস্কার জয়) একটা চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু শিরোপা জয়ের মতো অন্যান্য লক্ষ্যও আছে।”
