২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি অন্য গ্রহের: নেইমার

লিওনেল মেসির প্রশংসা করতে গিয়ে পুরানো বিশেষণটাই আবার ব্যবহার করেছেন তার বার্সেলোনা সতীর্থ নেইমার। ফিফা-ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফরোয়ার্ডকে অন্য গ্রহের ফুটবলার মনে করেন ব্রাজিল অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 06:48 PM

Updated : 25 Jul 2022, 09:18 PM

জুরিখে গত সোমবার ৪১.৩৩ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ২৭.৭৬ শতাংশ আর নেইমার ৭.৮৬ শতাংশ ভোট পান।

মেসির প্রশংসায় পঞ্চমুখ নেইমার বলেন, “আমার মনে হয়, লিও অন্য গ্রহের!”

মেসির সঙ্গে বিশ্বের বাকি খেলোয়াড়দের পার্থক্য অনেক বলেই মনে করেন নেইমার।

“আমার কাছে, মেসি বিশ্বসেরা। সে আমার আদর্শ। আরও অনেক বছর তার খেলা উপভোগ করতে পারব বলে আশা করি আমি।”

সামনের সারিতে বসে মেসিকে পুরস্কার জিততে দেখা আর বিশ্বের সেরা দুজন খেলোয়াড়ের সঙ্গে সময় কাটাতে পারায় বর্ষসেরার রাতটিকে জীবনের অন্যতম সেরা বলে আখ্যা দেন নেইমার। ভবিষ্যতে আবার বর্ষসেরার অনুষ্ঠানে থাকতে পারবেন বলে আশা করেন তিনি।