কারো উত্তরসূরি নয় নেইমার: মেসি
ব্রাজিল তারকা নেইমার কারো উত্তরসূরি নয় বরং অনন্য বলে মনে করেন লিওনেল মেসি। বার্সেলোনা সতীর্থকে ‘দারুণ মানুষ’ বলেও প্রশংসা করেছেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।
বরাবরের মতো এবারও ব্যালন ডি’অরে মূল প্রতিদ্বন্দ্বী মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো; এই দুজনের সঙ্গে আছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠান শুরুর আগে তারা তিন জন এক সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন।
সেখানেই এক প্রশ্নের জবাবে নেইমারকে নিয়ে মেসি বলেন, “আমি মনে করি না, সে কারো উত্তরসূরি। সে তার মতোই বড় খেলোয়াড় হবে। সে উন্নতি করতে থাকবে। যে যাই হতে চাক না কেন তা হতে সবই তার আছে।”
“অসাধারণ খেলোয়াড় ছাড়াও সে একজন দারুণ মানুষও,” যোগ করেন আর্জেন্টিনা অধিনায়ক।
