‘মেসি থামলে জিতবে নেইমার’
বর্ষসেরা পুরস্কারে লিওনেল মেসির জয়রথ থামার পরই নেইমারের জয়যাত্রা শুরু হবে বলে মনে করেন বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেস।
জুরিখে গত সোমবার ৪১.৩৩ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি।
রোনালদো ২৭.৭৬ শতাংশ আর নেইমার ৭.৮৬ শতাংশ ভোট পান।
ব্রাজিল অধিনায়ক নেইমারের জাতীয় দলের সতীর্থ আলভেস বলেন, “লিও যখন এটা জেতা থামাবে, তখন নেইমার জিতবে। সে এই পুরস্কার জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে যাবে। সে এটা জিততে চায় এবং জয়ের জন্য পরিশ্রম করবে।”
মেসির আধিপত্যের কারণে আপাতত নেইমারকে ধৈর্য ধরতে হবে বলে মনে করেন আলভেস।
“যত দিন মেসি চাইবে, সে পুরস্কারটা জিততে থাকবে। সে যদি এখনকার মতো এ রকম খেলতে থাকে, তাহলে তার সঙ্গে কারও প্রতিদ্বন্দ্বিতাই হবে না।”
“যত বছর যাচ্ছে, সে আরও ভালো করছে। তাকে পাওয়াটা আমাদের সৌভাগ্য,” যোগ করেন আলভেস।
