মেসির পদাঙ্ক অনুসরণ করতে চান নেইমার
ব্যালন ডি’অরের মঞ্চে এসে লিওনেল মেসির প্রশংসা করে একান্ত চাওয়াটা জানালেন নেইমার। বললেন, বার্সেলোনার এই সতীর্থের পদাঙ্ক অনুসরণ করতে চান তিনি।
বরাবরের মতো এবারও ব্যালন ডি’অরে মূল প্রতিদ্বন্দ্বী মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো; এই দুজনের সঙ্গে আছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগে তারা তিন জন এক সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন।
সেখানেই এক প্রশ্নের জবাবে নিজের চাওয়াটা জানান নেইমার, “সে যেমন মানুষ, তাতে কেবল মাঠে নয়, মাঠের বাইরেও আমি তাকে শ্রদ্ধা করি। আসলেই সে আমার আদর্শ হয়ে গেছে। (ব্যালন ডি’অরে) সে নয় বছর মনোনীত হয়েছে এবং তার মতো হওয়ার জন্য এটা আমার কাছে উদাহরণ।”
“(মেসির মতো) রেকর্ড গড়া এবং ভাঙার চেষ্টা করব এবং আশা করি, তার পদাঙ্ক অনুসরণে সমর্থ হব আমি,” যোগ করেন প্রথমবারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তিনে ঠাঁই পাওয়া এই ব্রাজিলিয়ান তারকা।
