২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা কোচ বার্সেলোনার এনরিকে

বার্সেলোনার ডাগআউটে প্রথম মৌসুমেই ‘ট্রেবল’ জেতার অনন্য কীর্তি গড়া লুইস এনরিকে ২০১৫ সালের ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 12:12 AM

Updated : 12 Apr 2022, 01:12 AM

পুরস্কারটি জিততে বায়ার্ন মিউনিখের পেপ গুয়ার্দিওলা ও চিলির হোর্হে সামপাওলিকে পেছনে ফেলেন স্প্যানিশ এই কোচ।

সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে সেরা কোচ হিসেবে এনরিকের নাম ঘোষণা করা হয়। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি।

এনরিকের অধীনে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জেতা বার্সেলোনা গত বছর আরও দুটি শিরোপা জেতেন। কোপা দেল রে, লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও সবশেষ গত ডিসেম্বরে কাতালুনিয়া দলটি জেতে ক্লাব বিশ্বকাপ।

সামপাওলি চিলিকে গত কোপা আমেরিকার শিরোপা জেতান। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হতে চিলি ফাইনালে হারায় সামপাওলির দেশ আর্জেন্টিনাকে।

গুয়ার্দিওলার অধীনে বায়ার্ন মিউনিখের গত মৌসুমটা অবশ্য খুব একটা ভালো যায়নি। এই স্প্যানিশ কোচের অধীনে গত মৌসুমে শুধু বুন্দেসলিগার শিরোপা জেতে জার্মানির সফলতম ক্লাবটি। জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যাওয়া বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন ভেঙেছিল সেমি-ফাইনালে বার্সেলোনার কাছে হেরে।

মেয়েদের ফুটবলে সেরা কোচ হয়েছেন যুক্তরাষ্ট্রের এলিস জিল।

পুরনো খবর:

৫ ব্যালন ডি’অরের বিনিময়ে এক বিশ্বকাপ চান মেসি
মেসির বাঁ পা চান রোনালদো
মেসির পদাঙ্ক অনুসরণ করতে চান নেইমার
কারো উত্তরসূরি নয় নেইমার: মেসি
‘সিআর সেভেন’ হওয়ার গল্প শোনালেন রোনালদো
আবার পুরস্কারের মঞ্চে আসতে চান নেইমার