২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চান মেসি

বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবেন বলে জানিয়েছেন কাতালুনিয়ার ক্লাবটির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 08:02 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

১৩ বছর বয়সে ২০০১ সালে বার্সেলোনার যুব দলে নাম লেখান মেসি। সেই থেকে এই ক্লাবের সঙ্গেই আছেন আর্জেন্টিনার তারকা। যুব দল হয়ে মূল দলে পা রাখেন ২০০৪ সালে; সাতটি লা লিগা আর চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ছোট-বড় মিলিয়ে ক্লাবটির হয়ে ২৬টি শিরোপা জেতেন তিনি।
 
মেসির ব্যক্তিগত অর্জনের ডালিটাও কানায় কানায় পূর্ণ। জুরিখে গত সোমবার পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। 
 
আর্জেন্টিনার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েসে ফুটবল খেলা শুরু করা মেসি ২০১৩ সালে একবার ক্যারিয়ারের শেষ দিকে শৈশবের ক্লাবে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।   
 
২০১৫ সালে বার্সেলোনার হয়ে পাঁচটি শিরোপা জেতা ২৮ বছর বয়সী মেসি বলেন, “এটা আমি এক হাজার এক বার বলেছি। সব সময় একই উত্তর। আমার পরিকল্পনা হচ্ছে ঘরে (ক্যারিয়ার) শেষ করা। আর আমার ঘর হচ্ছে বার্সেলোনা। আমি মনে করি, এটা এরকমই হবে।”
 
বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। আর্জেন্টিনা অধিনায়কের বয়স হবে তখন ৩১ বছর।

পুরনো খবর:

মেসির বাঁ পা চান রোনালদো
মেসির পদাঙ্ক অনুসরণ করতে চান নেইমার