মারুফুলের চোখে টুর্নামেন্ট ‘উন্মুক্ত’
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আয়োজক ভারত প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে ছয়বার। বাংলাদেশসহ আরও তিন দেশ একবার করে পেয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এই ট্রফি। তবে বাংলাদেশের কোচ মারুফুল হকের বিশ্বাস, সাফের একাদশ আসরে এককভাবে ফেভারিট কেউই নয়।
ত্রিভান্দ্রামের তাজ হোটেলে মঙ্গলবার সাফ ফুটবলের সাত দলের কোচ ও অধিনায়ককে নিয়ে হওয়া সংবাদ সম্মেলনে মারুফুল আরও জানান, সাফল্য পাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছে তার দল।
২০০৩ সালের আসরে প্রথম ও সর্বশেষ শিরোপা জেতা বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো শিরোপা পাওয়ার স্বপ্ন দেখছে। ‘বি’ গ্রুপেই মামুনুলদের প্রতিপক্ষ প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান-বাধা। এছাড়াও আছে মালদ্বীপ ও ভুটানের মতো মোটামুটি শক্ত দল।
পাকিস্তান শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টের আয়োজক ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে নেপাল ও শ্রীলঙ্কা। তাই বাংলাদেশের গ্রুপে সেমি-ফাইনালে ওঠার লড়াইটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে কারো চলার পথ সহজ হবে না বলে জানান মারুফুল।
“এটা (সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ) এই অঞ্চলের সবচেয়ে বড় আসর। এই টুর্নামেন্টের জন্য ছেলেরা কঠোর পরিশ্রম করেছে; শারীরিক ও মানসিকভাবে নিজেদের প্রস্তুত করেছে। এই টুর্নামেন্টে আসতে পেরে আমি খুশি। আমি মনে করি, এই টুর্নামেন্টের শিরোপা সবার জন্য উন্মুক্ত থাকবে।”
