পরিপাটি ত্রিভান্দ্রামে সাফ ফুটবলের অগোছালো আয়োজন
কেরালার রাজধানী ত্রিভান্দ্রাম শহরটা যেমন পরিপাটি, ঠিক ততটাই অগোছালো এখানে হতে যাওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন। প্র্যাকটিস ভেন্যুর ঠিক ঠিকানা নেই; হোটেলেও নানা বিপত্তি; সব মিলিয়ে আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ও হতাশ কোচরাও।
আগামী বুধবার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে নেপাল ও শ্রীলঙ্কার ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর। কিন্তু এমন আসরের উচ্ছ্বাসটা থাকল কেবল তাজ হোটেলের বল রুমেই; সাংবাদিকদের আনাগোনায়।
দুই পর্বের সংবাদ সম্মেলনে ‘বি’ গ্রুপের দল আফগানিস্তান কোচ পিটার সেগ্রেট শুরুতেই আয়োজকদের ধুয়ে দেন। টুর্নামেন্টের অব্যবস্থাপনার নানা চিত্র তুলে ধরে বলেন, “আমি মনে করি, কেউই এ মুহূর্তে খুশি নয়। গত কয়েক দিনে আমরা অনেক সমস্যায় পড়েছি। বিষয়গুলো নিয়ে আমি সহকর্মীদের সঙ্গে কথা বলেছি। সময়, অব্যবস্থাপনা-অনেক সমস্যাই আছে।”
প্রস্তুতির মাঠের সমস্যা নিয়েও কথা বলেন প্রতিযোগিতাটির শিরোপাধারী আফগানিস্তান দলের কোচ। হোটেলের অব্যবস্থাপনায় ক্ষোভ জানান তিনি।
আফগানিস্তান কোচের ক্ষোভে সুর মেলান টুর্নামেন্টের আয়োজক ভারতের কোচ স্টিভেন কন্সট্যানটিনও। সাড়ে পাঁচ ঘণ্টা রিসিপসনে দাঁড়িয়ে থাকার কথা জানিয়ে ভারতের কোচ বলেন, “এখানে কেউ দায়-দায়িত্ব নেয় না। এটা পুরোপুরি দুর্বল ব্যবস্থাপনা।”
খেলোয়াড়দের হোটেলে থাকা, অনুশীলন সব কিছুতেই ‘চরম অব্যবস্থাপনা’ উল্লেখ করে ভারতের কোচ আরও বলেন, “এভাবে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হয় না। দায়িত্বটা সাফের (কর্তৃপক্ষের); কিন্তু তাদের তো দেখি না।”
অব্যবস্থাপনার চিত্র বোঝাতে নেপাল কোচ প্যাটিক অসেমস জানান, তাদের ত্রিভান্দ্রামের অন্য একটি তাজ হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল! পরে ‘আসল’ তাজে ফিরিয়ে আনা হয়। মাঠের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ভেন্যু নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি।
ত্রিভান্দ্রাম শহরে সাফ ফুটবলের এই আয়োজন নিয়ে কোনো উৎসবের ছোঁয়া চোখে পড়েনি। পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো হলেও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর নিয়ে উন্মাদনা নেই।
প্রতিযোগিতাটির সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ, আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা-এই চার দল একবার করে শিরোপা জিতেছে। ২০০৩ সালের আসরে প্রথম ও সর্বশেষ সাফ ফুটবলের শিরোপা জয়ের পুনরাবৃত্তি এবার করতে চায় মারুফুল হকের দল। সে লক্ষ্যের কারণেই হয়ত টুর্নামেন্টের অব্যবস্থা নিয়ে সরাসরি কিছু বলতে চাননি বাংলাদেশ কোচ, “আমরা আসলে এগুলোর সঙ্গে অভ্যস্ত। এখন পর্যন্ত যা হয়েছে, ভালো হয়েছে।”
অবশ্য সমালোচনার ঝড় বয়ে গেলেও শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন বড় দলগুলোর কোচেরা। নেপাল, ভুটানের কোচেরা জানিয়েছেন ভালো খেলতে চাওয়ার কথা। সোমবারের সংবাদ সম্মেলনে থাকতে পারতেন পাকিস্তানের কোচও। কিন্তু শেষ মুহূর্তে আসর থেকে পাকিস্তান সরে দাঁড়ানোয় সাত দল নিয়ে হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের একাদশ আসর।
