নিজেকে 'সেরা কোচ' দাবি অ্যালারডাইসের, একমত গুয়ার্দিওলা
ইংলিশ ফুটবলে অভিজ্ঞ কোচদের একজন স্যাম অ্যালারডাইস। মাঝে লম্বা বিরতি শেষে আবার তিনি কোচিংয়ে ফিরেছেন, লিডস ইউনাইটেডের ডাগআউটে। প্রিমিয়ার লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটির দায়িত্ব নিয়ে নিজেকে 'সেরা' দাবি করেন এই ইংলিশ কোচ। তাকে সেরাদের একজন বলে মনে করেন পেপ গুয়ার্দিওলাও।
ম্যানচেস্টার সিটি কোচ গুয়ার্দিওলার বিশ্বাস, ফুটবলে অবদানের জন্য সেরা কোচদের কাতারেই থাকবেন অ্যালারডাইস।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে শুরু থেকেই ধুঁকছে লিডস। ৩৪ ম্যাচ খেলে মাত্র সাতটিতে জয়ের স্বাদ পাওয়া দলটি ৩০ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে। ১৮ নম্বর নটিংহ্যাম ফরেস্টের পয়েন্টও সমান ৩০। দলের খুব কঠিন এই সময়ে মৌসুমের বাকি অংশের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ইংল্যান্ড জাতীয় দলের কোচ অ্যালারডাইসকে।
কোচ হিসেবে এখন পর্যন্ত তার নেই কোনো শিরোপা সাফল্য। শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবের দায়িত্বও পাননি কখনও। লিডসের নতুন কোচ হিসেবে গত বুধবার আনুষ্ঠানিক পরিচয়পর্বের পর সংবাদ সম্মেলনে ৬৮ বছর বয়সী এই কোচ করে বসেন চমকপ্রদ মন্তব্য।
“ফুটবলের দিক থেকে আমার চেয়ে কেউই এগিয়ে নেই - পেপ (গুয়ার্দিওলা) নয়, (ইয়ুর্গেন) ক্লপ নয়, (মিকেল) আর্তেতা নয়।”
আধুনিক ফুটবলে সেরা কোচদের তালিকায় নিশ্চিতভাবেই উপরের দিকে আছেন গুয়ার্দিওলা ও লিভারপুল কোচ ক্লপ। সেই তুলনায় কোচিং ক্যারিয়ারে এখনও তরুণ আর্তেতার হাত ধরে এই মৌসুমে লিগে শিরোপার জন্য লড়ছে আর্সেনাল।
লিগে বুধবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে সিটির ৩-০ গোলে জয়ের পর অ্যালারডাইসের ওই মন্তব্য তুলে ধরা হয় গুয়ার্দিওলার কাছে। উত্তরে এই স্প্যানিয়ার্ডও অ্যালারডাইসের প্রতি যথাযথ সম্মান দেখান।
“তিনি (অ্যালারডাইস) ঠিকই বলেছেন। আমাকে সত্যি বলতে হবে। কোচদের দিকে তাকান, যেমন ক্রিস্টাল প্যালেসের জন্য রয় হজসন, তারা কী কী করেছেন।”
“তারা সত্যিই ভালো কোচ, তাদের অবিশ্বাস্য সব অভিজ্ঞতা রয়েছে। তারা খেলাটি খুব ভালো বোঝেন এবং তিনি (অ্যালারডাইস) যদি এমনটা মনে করেন, তাহলে সেটা এই কারণেই।”
গুয়ার্দিওলা মনে করেন, লিডসকে অবনমন থেকে রক্ষা করার চ্যালেঞ্জে সফল হতে পারেন অ্যালারডাইস।
“চ্যালেঞ্জটা কঠিন হবে, তবে তার সেই গুণ আছে। তিনি খেলোয়াড়দের ওপর থেকে চাপ সরিয়ে নেবেন এবং অবনমনের লড়াইয়ে এই ধরনের পরিস্থিতিতে কী করতে হয়, তিনি তা জানেন।”
