২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মরিনিয়োর প্রতি ‘অগাধ শ্রদ্ধা’ রেখেই প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি সিমেওনের

রোববারের মাদ্রিদ ডার্বি দিয়ে ২০১৪ সালের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন এই দুই কোচ।

মরিনিয়োর প্রতি ‘অগাধ শ্রদ্ধা’ রেখেই প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি সিমেওনের

দিয়েগো সিমেওনে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 09:04 AM

Updated : 20 Sep 2026, 09:04 AM

এক যুগের বেশি সময় পর ডাগআউটে মুখোমুখি হচ্ছেন জুজে মরিনিয়ো ও দিয়েগো সিমেওনে। এই পুনর্মিলনীর আগে সিমেওনে বললেন, মরিনিয়োর প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে তার। তবে সেই সম্মান এক পাশে রেখে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য আতলেতিকো মাদ্রিদ কোচের।

মাদ্রিদ ডার্বিতে রোববার মুখোমুখি হবে রেয়াল ও আতলেতিকো। মেত্রোপলিতানোয় লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত সোয়া আটটায়।

ছয় ম্যাচ শেষে মরিনিয়োর রেয়ালের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে সিমেওনের আতলেতিকো। তবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাদ্রিদের দুই দলই পিছিয়ে আছে পরিষ্কার ব্যবধানে।

সিমেওনে ও মরিনিয়ো সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ২০১৪ সালের এপ্রিলে, চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে মরিনিয়োর চেলসিকে বিদায় করে দিয়েছিল আতলেতিকো। এর আগের বছরে হয়েছিল দুজনের মুখোমুখি সবশেষ মাদ্রিদ ডার্বি, যেখানে মরিনিয়োর রেয়াল জিতেছিল ২-১ গোলে।

পর্তুগিজ কোচের বিপক্ষে ম্যাচের স্মৃতি নিয়ে প্রশ্নে শনিবার সংবাদ সম্মেলনে সিমেওনে বলেন, “অনেক বছর আগের বিষয় নিয়ে পড়ে থাকার মতো মানুষ আমি নই।

“মরিনিয়োর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে; আমি দীর্ঘদিন ধরেই তার ভক্ত এবং তাকে অনুসরণ করেছি ও তার কাজ লক্ষ্য করেছি। তার প্রতি আমার মনোভাব কেমন, সেটা তিনি জানেন। আশা করি, অতীতে যখন যেভাবে তার মুখোমুখি হয়েছি, ঠিক সেভাবে আগামীকালও (রোববার) আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।”

মৌসুমের শুরুটা আতলেতিকোর আক্রমণভাগের জন্য বেশ কঠিন যাচ্ছে। গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টার পর হুলিয়ান আলভারেস খুব একটা খেলার সুযোগ পাননি এবং আলেকসান্দের সর্লথ চোটে পড়েছেন। তবে দলে নতুন যোগ দেওয়া জনাতেন ডেভিড তার সবশেষ দুই ম্যাচে দুটি গোল করেছেন।

এই মৌসুমে রেয়াল কেবল একটি ম্যাচ হেরেছে, রেয়াল বেতিসের বিপক্ষে। সবশেষ ম্যাচে গত মঙ্গলবার তারা এলচের বিপক্ষে জিতেছে ৩-২ গোলে।

নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সিমেওনের চাওয়া, তার দল যেন বলের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা কমিয়ে আনে। এই আর্জেন্টাইন কোচের মতে, পাল্টা-আক্রমণের সময় রেয়াল বেশি বিপজ্জনক হয়ে ওঠে।

“পাল্টা আক্রমণে তারা আমাদের চেয়ে ভালো। (প্রতিপক্ষ) বলের নিয়ন্ত্রণ হারানোর মুহূর্তে তারা কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রকে খুঁজে নেয় এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে খেলে। আমাদের খেলাটা ভালোভাবে বুঝতে হবে এবং বল হারানো এড়াতে হবে, যাতে তারা সেই ট্রানজিশনের সুযোগ কাজে লাগাতে না পারে।”