ব্রাজিলিয়ান মিডফিল্ডার সান্তোসকে দলে টানছে চেলসি
আন্দ্রেই সান্তোসের ট্রান্সফার ইস্যুতে ভাস্কো দা গামার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে চেলসি।
জানুয়ারির দলবদলে মিডফিল্ডে শক্তি বাড়াচ্ছে চেলসি। প্রতিভাবান মিডফিল্ডার আন্দ্রেই সান্তোসকে দলে টানার বিষয়ে ভাস্কো দা গামার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
বিবৃতি দিয়ে গত শুক্তবার জানুয়ারির দলবদলে সান্তোসের চেলসিতে যোগদানের বিষয়টি জানায় ব্রাজিলিয়ান ক্লাবটি। ট্রান্সফার ফি বা চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি।
ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সদস্য সান্তোসকে দেশটির সম্ভাবনাময় সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৮ বছর বয়সেই ক্লাব পর্যায়ে ভাস্কো দা গামার হয়ে আলো ছড়িয়ে নজর কেড়েছেন তিনি।
গত মৌসুমে ব্রাজিলের দ্বিতীয় বিভাগে ভাস্কো দা গামার হয়ে ৩৩ ম্যাচে ৮টি গোল করেন সান্তোস। এই মৌসুমে দলটির শীর্ষ বিভাগের উঠে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
এবারের দলবদলে তৃতীয় খেলোয়াড় হিসেবে চেলসিতে যোগ দেবেন সান্তোস। তার আগে প্রিমিয়ার লিগের ক্লাবটি দলে ভিড়িয়েছে দাভিদ দাত্রো ফোফানা ও বেনোয়া বাদিয়াশিলে।
ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে চেলসি। আগামী রোববার এফএ কাপের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে গ্রাহাম পটারের দল।
