২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের নায়ক রদ্রির ‘স্বপ্ন হলো সত্যি’

চ্যাম্পিয়ন্স লিগ জিতে ‘ট্রেবল’ জয়ের ইতিহাস গড়ার উচ্ছ্বাসে যেন আকাশ ছুঁতে চাইছেন ফাইনালে গোল করা এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 10:14 AM

Updated : 11 Jun 2023, 05:38 PM

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করা কিংবা সরাসরি ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সম্ভাব্যদের তালিকা করলে হয়তো অনেক পরে আসত রদ্রির নাম। কিন্তু সেই তিনিই ফাইনালের নায়ক। তার গোলেই অবসান হয়েছে ম্যানচেস্টার সিটির এত বছরের প্রতীক্ষার। বহুকাঙ্ক্ষিত সেই শিরোপা জয়ের পর ইতিহাস গড়ার উচ্ছ্বাসে যেন আকাশ ছুঁতে চাইছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 

ইস্তানবুলে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সিটির মাঝমাঠ ও আক্রমণভাগের কঠিন পরীক্ষা নেয় ইন্টার মিলান। সবচেয়ে বড় হুমকি হতে পারতেন যিনি, সেই আর্লিং হলান্ডকে খুব বেশি জায়গাই দেয়নি ইন্টারের রক্ষণভাগ। আরেক তারকা কেভিন ডে ব্রুইনে চোট নিয়ে মাঠ ছাড়েন প্রথমার্ধে। সব মিলিয়ে নিজেদের সেরা ছন্দময় ও আগ্রাসী চেহারায় ছিল না সিটি। বরং ইন্টারই গোলের সুযোগ তৈরি করে বেশি। 

তবে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দারুণ গোল করে সিটিকে এগিয়ে নেন রদ্রি। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান। তার নিজের স্বপ্ন পূরণ আর ক্লাবের অপেক্ষার অবসান মিলিয়ে আনন্দের জোয়ারে ভাসছিলেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার।

“স্বপ্ন সত্যি হলো…। আমার চারপাশে যারা আছে, জানি না কত বছর ধরে তারা সবাই অপেক্ষায় ছিল! তাদের এই সাফল্য প্রাপ্য, আমাদের প্রাপ্য।” 

“মোটেও সহজ ছিল কাজটি। কী দারুণ একটি দলের সঙ্গে লড়তে হয়েছে আমাদের! তারা যেভাবে রক্ষণ সামলেছে এবং প্রতি-আক্রমণ করেছে… ফাইনাল এমনই হয়! আবেগ আর স্নায়ুর চাপ, সবই ছিল। আমরা পশুর মতো লড়েছি।”

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার পাশাপাশি বহু আলোচিত ‘ট্রেবল’ জয়ও করেছে সিটি। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছিল তারা আগেই। এক মৌসুমে এই শিরোপা ত্রয়ী জয়ের একমাত্র কৃতিত্ব আগে ছিল সেই ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের। 

চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা জয়ের পাশাপাশি ‘ট্রেবল’ জিতে সিটির আনন্দও যেন বেড়ে গেছে তিন গুণ কিংবা আরও বেশ। রদ্রির প্রতিক্রিয়ায় ইতিহাস গড়ার উচ্ছ্বাস ও গর্ব ফুঠে উঠল বারবার।  

“ইতিহাস গড়েছি আমরা। এই বছরটা সহজ ছিল না। অনেক ওঠা-নামা, চড়াই-উৎরাই ছিল। অনেক সংশয় ছিল। অনেক অনুভুতি খেলা করছে ভেতরে। প্রচণ্ড খুশি আমরা। আমার পরিবার আছে এখানে, সবার পরিবারই।” 

“আমাদের সমর্থনে যারা এতদূর এসেছে, তাদের সবাইকে ধন্যবাদ। এত বছর ধরে সফল না হওয়ার পরও তারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। আজকে আমরা পেরেছি এবং এটা বিশাল অর্জন। আমারা ইতিহাস গড়েছি। শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ট্রেবল জিতেছি। ইংল্যান্ডে এবং ইউরোপে ইতিহাস গড়েছি আমরা। সিটিকে শীর্ষ দলের উচ্চতায় তুলে নেওয়ার জন্য এই পদক্ষেপ ছিল জরুরি।”