গুয়ার্দিওলার সঙ্গে তুলনায় শাভির আপত্তি
বার্সেলোনা কোচ মনে করেন, বিষয়টি কোচ হিসেবে তার উন্নতিতে বাধা তৈরি করবে।
বার্সেলোনাকে কক্ষপথে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ নেওয়া শাভি এর্নান্দেসের মাঝে কেউ কেউ দেখছেন পেপ গুয়ার্দিওলার ছাপ। ম্যানচেস্টার সিটির কোচের সঙ্গে এই তুলনা একদমই পছন্দ হচ্ছে না সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের। বিষয়টি কোচ হিসেবে তার উন্নতিতে বাধা তৈরি করবে বলে মনে করছেন তিনি।
ক্লাবের কঠিন সময়ে ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন শাভি। এর পরপরই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দলটি। তবে নিজের ছাপ রাখতে দেরি করেননি শাভি। চলতি মৌসুমে ফের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও দাপট দেখিয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। তবে তাদের খেলার ধরনের কারণে সমালোচনাও শুনতে হয় শাভিকে।
এবার লিগে ১১ ম্যাচে বার্সেলোনা জিতেছে ১-০ ব্যবধানে। তবে রেকর্ড ২৬ ম্যাচে জাল অক্ষত রেখেছে তারা। জমাট রক্ষণের এই সাফল্যের পরও কেউ কেউ পুরোপুরি সন্তুষ্ট নন। তাদের চাওয়া আরও আক্রমণাত্মক ফুটবলের, যার দেখা মিলেছিল ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে গুয়ার্দিওলার কোচিংয়ে।
ওই সময়ে দলটিতে ছিলেন শাভিও। সময়ের পরিক্রমায় কোচ হিসেবে গুয়ার্দিওলা হয়েছেন আরও অভিজ্ঞ, সাফল্য পেয়েছেন সব জায়গাতেই। তার কোচিংয়ে গত ছয় বছরের পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে বিশ্বের সেরা দলগুলির একটি।
গুয়ার্দিওলার সঙ্গে নিজের তুলনায় অবশ্য যথেষ্ট আপত্তি আছে শাভির। মঙ্গলবার টিভি-৩-কে দেওয়া সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সী এই কোচ বলেন, এই তুলনা তার জন্য মোটেও সুখকর অভিজ্ঞতা নয়।
“(পেপ) গুয়ার্দিওলার সঙ্গে তুলনা একজন কোচ হিসেবে আমার জন্য ভারি হয়ে যায়। আমার মনে হয় না এটা (সবসময় গুয়ার্দিওলার সঙ্গে তুলনা) ন্যায্য। খেলোয়াড় থাকাকালীন সময়েও আমার সঙ্গে এমন হয়েছিল। সবাইকে সামনের দিকে তাকাতে হবে।”
