২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘এই রেয়াল মাদ্রিদ দুর্বল, খেলায় কোনো পরিকল্পনা নেই’

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রেয়াল মাদ্রিদের খেলায় কোনো পরিকল্পনা দেখেননি ক্লোদ ম‍্যাকেলেলে।

‘এই রেয়াল মাদ্রিদ দুর্বল, খেলায় কোনো পরিকল্পনা নেই’

হারের পর বিষন্ন রেয়াল মাদ্রিদ দল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 04:55 PM

Updated : 21 Sep 2026, 04:55 PM

মাদ্রিদ ডার্বিতে হারের পর রেফারির কড়া সমালোচনা করছেন রেয়াল মাদ্রিদের কোচ, খেলোয়াড় ও ভক্তরা। তাতে কান দিচ্ছেন না ক্লাবটির সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ক্লোদ ম‍্যাকেলেলে। উত্তরসূরিদের নিজেদের খেলায় উন্নতিতে মনোযোগ দিতে বলেছেন তিনি।

লা লিগার ম‍্যাচে রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হেরেছে রেয়াল। প্রথমার্ধের শুরুর দিকে ১০ জনের দলে পরিণত হয় তারা। শেষ দিকে একটি গোল শোধ করলেও আসরে দ্বিতীয় হার এড়াতে পারেনি জুজে মরিনিয়োর দল।

Image

রেয়ালের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ক্লোদ ম‍্যাকেলেলে। ছবি: রয়টার্স

হারের জন‍্য রেফারির ভুলকে দায় দিচ্ছেন রেয়ালের অনেকেই। সেটি না করে নিজেদের খেলার দিকে তাকাতে বলেছেন ৫৩ বছর বয়সী ম‍্যাকেলেলে।

“রেফারিকে বলির পাঁঠা বানাবেন না। বরং খেলোয়াড়দের মধ‍্যে কোনো বোঝাপড়া ছিল না। কোচ ও খেলোয়াড়দের মধ‍্যেও কোনো বোঝাপড়া ছিল না। তাদের সঙ্গে মরিনিয়োর কথা বলতে হবে।

“এই দল দুর্বল, ওদের খেলায় কোনো পরিকল্পনা নেই। একেবারেই কিছু নেই, কিছুই না, কিছুই না, কিছুই না। ওদের কাছে আমাদের দাবি হবে আরও বেশি। সমস‍্যা রেফারি নয়, দলের মধ‍্যে স্পষ্টতই দুর্বলতা আছে এবং মাঠে কোনো পরিষ্কার ভাবনা বা পরিকল্পনা নেই।”

সাত ম‍্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চারে আছে রেয়াল মাদ্রিদ। ২১ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। ১৬ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আতলেতিকো ও রেয়াল বেতিস।