০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ইসাককে ‘ডাইভ দিতে বলবেন’ ইরাওলা

আর্সেনালের বিপক্ষে হেরে যাওয়া ম‍্যাচে পেনাল্টি না পাওয়ায় ক্ষুব্ধ লিভারপুল কোচ।

ইসাককে ‘ডাইভ দিতে বলবেন’ ইরাওলা

আর্সেনালের লুইস-স্কেলির সঙ্গে বল দখলের লড়াইয়ে ইসাক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 05:37 PM

Updated : 02 Nov 2026, 06:09 PM

আর্সেনালের বিপক্ষে ‘পরিষ্কার পেনাল্টি’ না পেয়ে চটেছেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। ক্ষুব্ধ স্প‍্যানিশ কোচ বলেছেন, পরবর্তীতে এমন পরিস্থিতিতে ডি-বক্সে আলেকসান্দের ইসাককে ডাইভ দেওয়ার পরামর্শ ‘অবশ‍্যই দেবেন’ তিনি।

প্রিমিয়ার লিগে রোববারের ম‍্যাচে ব‍্যবধান গড়ে দেন কাই হাভার্টজের একমাত্র গোল। তাতে ২০১২ সালের সেপ্টেম্বরের পর অ‍্যানফিল্ডে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

প্রথমার্ধে বাহডলে বাহকোলার ক্রসে হেড করার চেষ্টা করেন ইসাক। সেই সময় সুইডিশ স্ট্রাইকারের জার্সি পেছন থেকে টান দেন ইউরিয়েন টিম্বার। কিন্তু রেফারি অ‍্যান্ডি ম‍্যাডলি কিংবা ভিএআর স্টুয়ার্ট অ‍্যাটওয়েলের কেউ পেনাল্টি দেননি। এতে বেশ ক্ষুব্ধ লিভারপুল।

ইসাক অবশ্য তখন মাটিতে পড়ে যাননি। পরে টিম্বারের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি। ম‍্যাচ শেষে স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ইরাওলা বলেন, তার বিশ্বাসই হচ্ছে না তারা পেনাল্টি পাননি।

“অ‍্যালেক্সেরটা পরিষ্কার পেনাল্টি। আপনি শার্ট টেনে ধরেছেন, আমরা সবাই দেখেছি যে সে জার্সি টেনে ধরেছে। সে মাটিতে পড়ে যায়নি, তাই আপনি পেনাল্টি দেননি। আমি এটা বুঝলাম না।

“খেলায় আমাদের এই সমস‍্যাটা হয়। যেহেতু সে ডাইভ দিয়ে মাটিতে পড়েনি, এখন আপনারাই আমাকে জিজ্ঞেস করছেন, তার কি মাটিতে পড়ে যাওয়া উচিত ছিল। যদি সে পড়ে যেত তো তারা এটাকে পেনাল্টি দিত, শতভাগ… পরেরবার, কোচদের হয়তো অ‍্যালেক্সকে বলা উচিত, মাটিতে পড়ে যাও, নয়তো তারা পেনাল্টি দেবে না। আমি ভবিষ‍্যতে তাকে মাটিতে পড়ে যেতে বলব কিনা? হ‍্যাঁ, অবশ‍্যই।”

রেফারির সিদ্ধান্তে হতাশ লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকও।

“আমি মনে করি, এটা পরিষ্কার পেনাল্টি ছিল। আমি অতীতে এমন দেখেছি এবং পেনাল্টি দিতে দেখেছি। আজ তারা দেয়নি। আমাদের ৫০টি ক‍্যামেরা আছে।

“কেন তাকে অভিযোগ করতে হবে যেখানে আমাদের এত ক‍্যামেরা আছে। প্রত‍্যেকে এটা দেখেছে। দিন শেষে, এটা দেওয়া হয়নি এবং আমরা দুর্ভাগ‍্যজনকভাবে ম‍্যাচ হেরেছি। তাই আর্সেনালকে অভিনন্দন।”