২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

‘অনেক ম‍্যাচের জন‍্য’ ওলমোকে হারিয়েছে বার্সেলোনা

ফের্মিন লোপেসকে দিয়ে দানি ওলমোর অভাব পূরণ করতে চান হান্সি ফ্লিক।

‘অনেক ম‍্যাচের জন‍্য’ ওলমোকে হারিয়েছে বার্সেলোনা

দানি ওলমো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 08:56 AM

Updated : 25 Oct 2026, 08:56 AM

দানি ওলমোকে ‘লম্বা সময়ের জন‍্য’ হারানোর বাস্তবতা মেনে নিয়েছেন হান্সি ফ্লিক। বিশ্বকাপজয়ী অ‍্যাটাকিং মিডফিল্ডারের অভাব তরুণ ফের্মিন লোপেসকে দিয়ে পূরণ করতে চান বার্সেলোনা কোচ।

মৌসুমের প্রথম ক্লাসিকোয় কাম্প নউয়ে শনিবার রেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এর আগের দিন জুল কুন্দে ও ওলমোর চোট পরিস্থিতি জানান ফ্লিক।

“কুন্দেকে আগামীকাল পাওয়া যাবে না। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। আমাদের এটা মেনে নিতে হবে।

“ওলমো ভালো ছন্দে ছিল। সে তার শতভাগ দিয়ে খেলছিল। এটা তার দুর্ভাগ‍্য। আমাদের এটা মেনে নিতে হবে। সে অনেক ম‍্যাচ মিস করবে। এই পরিস্থিতি তার জন‍্য সহজ নয়। তবে আমাদের ফের্মিনও আছে।”

গত ১৭ অক্টোবর লা লিগায় রেয়াল বেতিসের ৫-২ ব‍্যবধানে জয়ের পর বাম অ্যাঙ্কেলে অস্বস্তি অনুভব করার কথা জানান কুন্দে। পরে পরীক্ষায় জানা যায়, ফরাসি ডিফেন্ডারের অ্যাঙ্কেল মচকে গেছে।

গত সপ্তাহে চ‍্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে খেলার সময় এক সঙ্গে সংঘর্ষে বাম ঊরুর পেশিতে চোট পান ওলমো। পরে এক বিবৃতিতে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা জানায়, এক মাসের মতো মাঠের বাইরে থাকতে পারেন তিনি।

পিএসজির বিপক্ষে ম‍্যাচ শেষ করতে পারেননি শাভি এস্পার্ত। তবে পরে স্প‍্যানিশ গণমাধ‍্যমগুলো জানায়, মূলত সতর্কতার অংশ হিসেবে তরুণ এই ডিফেন্ডারকে তুলে নেওয়া হয়েছিল। তার কাছে নিজের প্রত‍্যাশা জানালেন বার্সেলোনা কোচ।

“সে একজন পেশাদার। গত কয়েকটি ম‍্যাচে সে খুব ভালো করেছে। আমার কাছে, সে অবিশ্বাস‍্য একজন খেলোয়াড়। তবে তার উন্নতির জায়গা আছে। তার সম্ভাবনার জায়গা নিয়ে আমাদের কাজ করতে হবে। আর তাকেও উন্নতি চালিয়ে যেতে হবে।”