২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকস ফুটবলে মেয়েদের দল ১২ থেকে হলো ১৬

ছেলেদের ফুটবল ইভেন্টে দলসংখ্যা ১৬ থেকে ১২ তে নামিয়ে আনার সিদ্ধান্তও জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি।

অলিম্পিকস ফুটবলে মেয়েদের দল ১২ থেকে হলো ১৬
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া যজ্ঞ অলিম্পিকসের ফুটবলে মেয়েদের দল বাড়ছে, ছেলেদের কমছে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2025, 12:45 AM

Updated : 10 Sep 2026, 12:38 PM

মেয়েদের দলীয় খেলাগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় রেখে ফুটবল ইভেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে আইওসি। আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি জানিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে মেয়েদের ফুটবল ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে ১৬টি দল, যা আগে ছিল ১২টি।

ছেলেদের ফুটবলে অবশ্য দলসংখ্যা কমিয়েছে আইওসি। বৈশ্বিক ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ছেলেদের ফুটবলে লস অ্যাঞ্জেলেসের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ১২টি দল, আগে যা ছিল ১৬টি। অর্থাৎ চার দল কমেছে পুরুষ ফুটবল ইভেন্টে।

আইওসি বুধবার জানিয়েছে, সারা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে মেয়েদের দলীয় খেলাগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। মেয়েদের দলীয় খেলার ব্যাপ্তি বাড়ার বিষয়টি প্রতিযোগিতার ফরম্যাটে প্রতিফলিত হয়েছে বলেও জানিয়েছেন সংস্থাটির স্পোর্টস ডিরেক্টর কিট ম্যাককোনেল।

“আমরা এমন কিছু করতে চেয়েছিলাম যাতে মেয়েদের দলীয় খেলাগুলোর প্রবৃদ্ধি প্রতিফলিত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের জনপ্রিয়তার বিষয়টিও প্রতিফলিত হয়।” 

মেয়েদের দলসংখ্যা বাড়ানো এবং পুরুষদের দলসংখ্যা কমানোর সিদ্ধান্তের আগে বিষয়গুলো নিয়ে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসের আয়োজক এবং বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার সাথে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন ম্যাককোনেল।

যুক্তরাষ্ট্র ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপ এবং ২০৩১ সালে মেয়েদের ফুটবল বিশ্বকাপও আয়োজন করবে। অলিম্পিকসে নারী ফুটবলে পাঁচবার সোনা জিতেছে দেশটি।

অলিম্পিকসের পুরুষ ফুটবল ইভেন্টে অংশ নেয় মূলত অনূর্ধ্ব-২৩ দল। তবে মেয়েদের ক্ষেত্রে অংশ নেয় জাতীয় দল।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে সব ইভেন্ট মিলিয়ে ৩৫১টি পদকের জন্য লড়বে সারা বিশ্বের প্রতিযোগীরা। পদকের সংখ্যার দিক থেকে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসের চেয়ে যা ২২টি বেশি।