২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই বছরে নতুন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু…’

সবশেষ এফএ কাপ থেকেও ছিটকে যাওয়ার পর লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসনের কণ্ঠে ঝরল হতাশা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2023, 03:12 PM

Updated : 30 Jan 2023, 03:39 PM

এক বছরের ব্যবধানে লিভারপুল শিবিরের আবহ কতটাই না বদলে গেছে! গত বছর ঠিক এই সময়ে দলটি যেন উড়ছিল। সমর্থকদের মনে বাড়ছিল ‘কোয়াড্রপল’ জয়ের আশা। আর এখন পরিস্থিতি পুরোটাই ভিন্ন, টানা ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছে তারা। সবশেষ এফএ কাপ থেকেও ছিটকে যাওয়ার পর ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসনের কণ্ঠে ঝরল কোনোকিছুই ঠিকমতো না হওয়ার হতাশা।

লিগ কাপ থেকে আগেই বিদায় নিয়েছে তারা, ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে। এফএ কাপেও ঠিক একই চতুর্থ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে হেরে গেছে অ্যানফিল্ডের দলটি।

নকআউট পর্বের এই প্রতিযোগিতায় রোববার প্রথমে এগিয়ে গেলেও খেই হারিয়ে ২-১ গোলে হেরে গেছে লিভারপুল। এই মাসের মাঝামাঝি প্রিমিয়ার লিগেও ব্রাইটনের বিপক্ষে হারের তেতো অভিজ্ঞতা হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলের।

চলতি মৌসুমে লিভারপুলের পথচলা কতটা কঠিন হয়ে পড়েছে, তার আরেকটি প্রমাণ মেলে তাদের লিগ টেবিলের অবস্থানেও। মৌসুমের শুরু থেকেই কক্ষ্যচ্যূত দলটি ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। শীর্ষ চারের থেকে তারা পিছিয়ে ১০ পয়েন্টে আর শীর্ষস্থানের চেয়ে ২১ পয়েন্টে!

সব প্রতিযোগিতা মিলিয়ে এই বছরে ৬টি ম্যাচ খেলে লিভারপুল জিততে পেরেছে মোটে একটি, হেরেছেই তিনটিতে। এর মধ্যে প্রিমিয়ার লিগে সবশেষ তিন রাউন্ডে জয় পায়নি একটিও।

লিগ টেবিলে ষষ্ঠ স্থানে থাকা ব্রাইটনের বিপক্ষে তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হারের পর যেন হতাশা ঘিরে ধরেছে দলটির অধিনায়ক রবার্টসনকে। আইটিভিকে বললেন সেই হতাশার কথা।

“এই মৌসুমে আমাদের পারফরম্যান্স ভালোর ধারেকাছেও নেই।”

“এই বছরের শুরুতে আমরা সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু তার কিছুই হয়নি। প্রিমিয়ার লিগে আমরা যথেষ্ট ভালো খেলছি না আর এখন দুটি কাপ প্রতিযোগিতা থেকেই বাদ পড়ে গেছি।”