২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউরো ২০২৪ না জেতা হবে ইংল্যান্ডের জন্য ব্যর্থতা’

ইংল্যান্ডের হয়ে মেজর শিরোপা জিততে উন্মুখ অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2023, 04:13 PM

Updated : 25 Mar 2023, 04:13 PM

গত কয়েকটি মেজর টুর্নামেন্টে ভালো খেলেও শেষ পর্যন্ত শিরোপার দেখা পায়নি ইংল্যান্ড। এই ধারা ভাঙতে চান হ্যারি ম্যাগুইয়ার। অভিজ্ঞ এই ইংলিশ ডিফেন্ডার মনে করেন, তাদের পরবর্তী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা উচিত এবং সেটা করতে না পারা হবে ব্যর্থতা। 

গ্যারেথ সাউথগেটের দলে গুরুত্বপূর্ণ একজন সদস্য ম্যাগুইয়ার। দেশের হয়ে খেলেছেন ৫৪ ম্যাচ। ছিলেন কাতার বিশ্বকাপে দলেও। যেখানে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ইংলিশরা। 

তবে এর আগে ২০১৮ বিশ্বকাপ ও ইউরো ২০২০-এ শিরোপার আরও কাছাকাছি গিয়েছিল ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হয় রানার্সআপ। 

ইউরোর বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার ইতালিকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। তাদের পরবর্তী ম্যাচ আগামী রোববার, ইউক্রেইনের বিপক্ষে। 

এই ম্যাচের আগে দল নিয়ে বড় স্বপ্নের কথা শোনালেন ম্যাগুইয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে শিরোপা জেতার জন্য তারা প্রস্তুত। 

“আমি মনে করি এটি (ইউরো ২০২৪) জেতার মতো খেলোয়াড় আমাদের রয়েছে। আমি মনে করি, ‘আমরা যদি টুর্নামেন্ট জিততে না পারি, তা হবে ব্যর্থতা।’ এখন পর্যন্ত আমি তিনটি বড় টুর্নামেন্টে ছিলাম এবং আমি (চ্যাম্পিয়ন হওয়ার) খুব কাছাকাছি চলে গিয়েছিলাম।” 

“তবে এই বড় টুর্নামেন্টগুলোতে খুব ছোট কোনো বিষয় পার্থক্য গড়ে দেয়। সুতরাং এটি এমন কিছু যা নিয়ে আমরা কাজ করছি। আমাদের হাতে অনেক প্রতিভা আছে এবং অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে।”