২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারিকে 'আক্রমণের চেষ্টা করে' নিষিদ্ধ ইরাকি ফুটবলার

ইরাকি প্রিমিয়ার লিগে লাল কার্ড দেখে রেফারির ওপর চড়াও হন আল-কুয়া আল-জাইয়ার মিডফিল্ডার ইব্রাহিম বায়েশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 05:42 PM

Updated : 13 Apr 2023, 05:42 PM

লাল কার্ড দেখে ফুটবলারদের মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয়। তবে এজন্য রেফারিকে আক্রমণের চেষ্টা করায় কঠিন শাস্তি পেলেন ইরাকের আল-কুয়া আল-জাইয়ার মিডফিল্ডার ইব্রাহিম বায়েশ। তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন।

ইরাকি প্রিমিয়ার লিগে গত বুধবার আল-কুয়া আল-জাইয়া ও আল-কাহরাবার মধ্যকার ম্যাচে ঘটনাটি ঘটে।

ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে রেফারির ওপর চড়াও হন বায়েশ। রেফারিকে আক্রমণ করার চেষ্টার পাশাপাশি তাকে হুমকি দেন এবং অপমানও করেন তিনি।

রেফারিকে ধাক্কা দেওয়ায় এবং রেফারিং কর্মীদের উদ্দেশ করে 'বাজে শব্দ' ব্যবহার করায় দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন ক্লাব আল-কুয়া আল-জাইয়ার বোর্ডের সদস্য হাম্মাদি আহমেদও।

ম্যাচটি ৩-২ গোলে হেরে যায় আল-কুয়া আল-জাওইয়া। ম্যাচ শেষে দাঙ্গা বেঁধে যায় সমর্থকদের মাঝে।

এই কান্ডের জন্য শান্তি দেওয়া হয়েছে আল-কুয়া আল-জাইয়া ক্লাবকে। দলটিকে তাদের পরবর্তী তিনটি হোম ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এছাড়াও তাদের জরিমানা গুনতে হবে ১ কোটি ইরাকি দিনার।

দাঙ্গায় ক্ষতিগ্রস্থ হয় আল-সাব স্টেডিয়াম। এর মেরামতের জন্যও ক্ষতিপূরণ দিতে হবে আল-কুয়া আল-জাইয়াকে।