১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি এমেরির

নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:56 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

দুই বছরেই দলকে শীর্ষ পর্যায়ে তুলে আনা কোচ উনাই এমেরির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে অ্যাস্টন ভিলা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন এই স্প্যানিয়ার্ড।

এমেরির কোচিংয়ে এবারের মৌসুমে বিস্ময়কর ফুটবল উপহার দেয় ভিলা। একটা সময় পর্যন্ত প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়েও ছিল তারা। শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করে দলটি; ৪১ বছর পর জায়গা করে নেয় ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায়; চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর প্রথম।

নতুন চুক্তি করতে পেরে দারুণ খুশি ৫২ বছর বয়সী এই কোচ।

“এই পদক্ষেপ এবং ক্লাবকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়ে আমি খুব খুশি। অ্যাস্টন ভিলায় রসায়নটা দারুণ। এখানে সমর্থকদের সমর্থনটাও দারুণ কাজ করে, বাড়িতে থাকার মতো সাচ্ছন্দ্য বোধ করি। সীমাহীন স্বপ্নের এই যাত্রায় আমরা সত্যিই অনেক রোমাঞ্চিত।”

২০২২ সালের অক্টোবরে এমেরি যখন ভিলার দায়িত্ব নেন, তখন ওই মৌসুমের লিগ টেবিলে ১৭তম স্থানে ছিল দলটি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সপ্তম স্থানে থেকে আসর শেষ করে তারা। জায়গা করে নেয় ২০২২-২৩ এর উয়েফা কনফারেন্স লিগে, সেখানে সেমি-ফাইনালে অলিম্পয়াকোসের বিপক্ষে হারে তারা।