২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতন চলছেই

সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন ঘণ্টায় সূচক কমেছে ১২৪ পয়েন্ট। প্রতিবাদে ডিএসইর সামনে বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিনও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন চলছে। সাধারণ সূচক নেমে এসেছে পাঁচ হাজার পয়েন্টের নিচে। সোমবার লেনদেন শুরুর পর পাঁচ মিনিটেই সাধারণ সূচক ১২৫ পয়েন্ট হারায়। বেলা ১২টায় ডিএসই সাধারণ সূচক ১৩৫ পয়েন্ট কমে। এরপর সূচক কিছুটা ওপরের দিকে উঠতে শুরু করে। দুপুর ২টায় সাধারণ সূচক ১২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯০৭ পয়েন্ট হয়েছে। ওই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২০১ কোটি টাকার শেয়ার। এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৩৫টির দাম কমেছে। দাম বেড়েছে ৯টির এবং অপরিবর্তিত আছে ৬টির দাম। গত কয়েকদিনের দরপতনের প্রতিবাদে সোমবার বেলা সোয়া ১২টার ডিএসইর সামনে বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু করেছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। রোববার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৮২ পয়েন্ট কমে। লেনদেন হয় ২৪৭ কোটি টাকার যা এ বছরের মধ্যে সবচেয়ে কম। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমে ২১৫টির, বাড়ে ২৯ টির এবং বদলায়নি ১০টির দাম। রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৪৯ পয়েন্ট কমে। বাছাই সূচক (সিএসসিএক্স) কমে ১৬৬ পয়েন্ট। মোট লেনদেন হয় ৩১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড। সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমে ১৬৭টির, বাড়ে ৫টির এবং বদলায়নি ৪টির। রোববার ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, আফতাব অটো, আরএন স্পিনিং, স্যোসাল ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, কেয়া কসমেটিকস ও সায়হাম টেক্সটাইল। দর বৃদ্ধিতে শীর্ষে ছিল প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি, আইসিবি প্রথম মিউচুয়্যাল ফান্ড, প্রথম জনতা মিউচুয়্যাল ফান্ড, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি, রেনেটা, নিটল ইন্সুরেন্স, পূবার্নী জেনারেল ইন্সুরেন্স, জেমিনি সি ফুড, ডেসকো ও এইচআর টেক্সটাইল। অপরদিকে দাম কমার শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল, দ্বিতীয় আইসিবি মিউচুয়্যাল ফান্ড, জুট স্পিনিং, আজিজ পাইপস, অলটেক্স, প্রথম বিএসআরএম মিউচুয়্যাল, ইমাম বাটন, রূপালী ব্যাংক, এপেক্স স্পিনিং, প্রথম প্রাইম মিউচুয়্যাল ফান্ড। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজার লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪০৭ ঘ.