২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ‘ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে’ ছুরিকাঘাতে কিশোর খুন

ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বাদশাকে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

নেত্রকোণায় ‘ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে’ ছুরিকাঘাতে কিশোর খুন

নিহত আশরাফুল ওরফে বাদশা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 02:39 PM

Updated : 30 Oct 2023, 02:39 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা তবিয়ারগাতী গ্রামের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক।

নিহত আশরাফুল ওরফে বাদশা (১৭) ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। সোমবার লাশ ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি এনামুল হক বলেন, “রোববার বিকালে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাদশার ছোট ভাই ইয়াসিন প্রতিবেশী এক কিশোরের সঙ্গে তর্কে জড়ায়। সে সময় গ্রামের অন্যরা তাদের বিবাদ মিটিয়ে দেয়।

“পরে তাদের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের একজন বাদশাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের জেলা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়ে ওসি আরও বলেন, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।