২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কের পাশে মিলল শাবির শিক্ষার্থীর লাশ

পুলিশের ধারণা, সিফাত মোটরসাইকেলযোগে কোথাও যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।

সড়কের পাশে মিলল শাবির শিক্ষার্থীর লাশ

রাকিবুল হাসান ওরফে সিফাত

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 02:43 PM

Updated : 01 Nov 2023, 02:43 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সড়কের পাশ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকার লাশটি পাওয়া যায় বলে জানান গোয়াইনঘাট থানার এএসআই খালিক।

নিহত রাকিবুল হাসান ওরফে সিফাত বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সিলেটের মদীনা মার্কেট সংলগ্ন কালিবাড়ি এলাকার একটি মেসে থাকতেন।

তিনি বগুড়া সদরের সেউজগাড়ী রেল কলোনি এলাকার ফজলুল হক আকন্দের ছেলে।

এএসআই খালিক বলেন, “ভোরে সিফাতের লাশ সড়কের পাশ থেকে উদ্ধার  করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি মোটরসাইকেলযোগে কোথাও যাচ্ছিলেন; এর মধ্যে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।”

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, “পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। শিক্ষার্থীর অভিভাবককে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’