টাঙ্গাইলে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নিহত এক, আহত ৩
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে শিশুসহ আহত হয়েছে আরও তিনজন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই মশিউর রহমান জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে এসআই মশিউর রহমান জানান, ঢাকা থেকে একটি প্রাইভেটকার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। কারটি মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা একজন নিহত হন। এ ছাড়া শিশুসহ আরও তিনজন আহত হয়েছে।
এসআই আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই এসআই।
