সিলেটে বাস চাপায় ২ জনের প্রাণহানি
মিতালী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
সিলেটের ওসমানীনগরে বাস চাপায় এক যুবক ও এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে বলে ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন জানান।
নিহতরা হলেন জুয়েল মিয়া (২২) ও আসমা বেগম (৪৫)।
নিহত জুয়েল মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার মুক্তিনগর গ্রামে ও আসমা বেগম সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুরের সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে (টমটম) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী গৃহবধূ আসমা বেগম নিহত হন।
“গুরুতর আহত হন টমটম চালক জুয়েল। হাসপাতালে নেওয়ার পথে জুয়েলও মারা যান।”
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
