টমটমের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু, পাশে কাঁদছিল ২ বছরের মেয়ে
বরগুনায় এ ঘটনার পর সড়ক অবরোধের পাশাপাশি টমটমটিতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।
বরগুনার বামনা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই টমটমের ধাক্কায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। তবে বেঁচে যান শিক্ষিকার কোলে থাকা দুই বছরের মেয়ে।
এ ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি টমটমটিতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। সেইসঙ্গে চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান।
নিহত মোসা. আসমা বেগম (৩৩) উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার মেয়ে। তিনি ডৌয়াতলা এলাকার গাজী প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকতা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসমা তার শিশু সন্তানকে কোলে নিয়ে বামনা-পাথরঘাটা সড়ক পার হচ্ছিলেন। এ সময় দিয়ে দ্রুতগতিতে আসা ইটবোঝাই একটি টমটম তাকে ধাক্কা দেয়।
এতে শিশুসন্তানসহ সড়কে ছিটকে পড়েন তিনি। শিশুটি বেঁচে গেলেও টমটমের চাকায় পিষ্ট হন তার মা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাকে হারিয়ে সড়কে বসে কাঁদছিল শিশুটি।
শিক্ষিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। সেইসঙ্গে চালক জাহিদকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষিকার মৃতদেহ উদ্ধার এবং টমটম চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি ফারুক হোসেন খান।
